ঢাকা, ২২ ডিসেম্বর: হাদির মৃত্যুর পর জ্বলছে গোটা বাংলাদেশ। উগ্র মৌলবাদীদের তাণ্ডবে একের পর সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে । দেশের এই চরম অরাজকতার জন্য সরাসরি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে দায়ী করে আবারও একবার গর্জে উঠলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,'আমার নির্বাচিত সরকারের পতন হয়েছিল অরাজকতা বেড়ে যাওয়ায়, সেই অরাজক অবস্থাই হাদির মৃত্যুর জন্য দায়ি। ইউনুসের আমলে সেই অবস্থার আরও অবনতি হয়েছে।এখন বাংলাদেশে হিংসা তো রোজকার ঘটনা। অথচ অন্তর্বর্তী সরকার সব কিছু অস্বীকার করছে, কারণ পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই। বাংলাদেশে যা চলছে তার জন্য দায়ী ইউনুস। দেশটাকে অরাজকতার পথে নিয়ে চলেছেন।' ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি নিয়ে শেখ হাসিনা বলেন,'ইউনুস প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে।ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের বন্ধু এবং অংশীদার। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর এবং মৌলিক। এটি যেকোনও অস্থায়ী সরকারের চেয়েও বেশি স্থায়ী হবে। আমি নিশ্চিত যে সঠিক শাসনব্যবস্থা চালু হলে, ভারত-বাংলাদেশের ১৫ বছরেরও বেশি সময় ধরে তৈরি হওয়া বোঝাপড়া এবং অংশীদারিত্ব আবার ফিরে আসবে।'
তাঁর দাবি, 'সংখ্যালঘুদের রক্ষা করতে ওরা পুরোপুরি ব্যর্থ, চরমপন্থীদের খোলা ছাড় দেওয়া হয়েছে। তারাই বিদেশনীতি ঠিক করে দিচ্ছে। যা কখনই কাম্য ছিল না।' দেশজুড়ে মৌলবাদীদের দপাদাপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুজিব কন্যা। তিনি বলেন,' ইউনুস শাসন মৌলবাদীদের নিরাপত্তা দিচ্ছে, দোষী সাব্যস্ত সন্ত্রাসীরা জেল থেকে মুক্তি পাচ্ছে। জামাত-ই-ইসলামির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনা দেশের ধর্মনিরপেক্ষ পরিচয়কে নষ্ট করে দিচ্ছে।'