বস্তার, ৯ ফেব্রুয়ারি: মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। আজ, রবিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে ইন্দ্রবতী জাতীয় উদ্যানের গভীর জঙ্গলের মধ্যে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ৩১ জন মাওবাদী নিহত হয়েছে। পাল্টা মাওবাদীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়ে শহিদ হয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান। আরও দুই জওয়ান জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এখনও মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে যৌথবাহিনীর। পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে বলে জানিয়েছেন বস্তারের আইজি পি সুন্দররাজ। মাওবাদীদের দমনে এদিন আসরে নেমেছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ, বিশেষ টাস্ক ফোর্স ও বস্তার যোদ্ধা বাহিনী। পুলিস সূত্রে খবর, নিহত মাওবাদীদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে একে ৪৭, ইনসাস, প্রচুর বিস্ফোরক, গ্রেনেড লঞ্চার। গত বছরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদীদের নিকেশ করে দেওয়া হবে। তারপর থেকেই মাওবাদী দমন অভিযানে নেমেছে যৌথবাহিনী।



