কলি ঘোষ: ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নবীন প্রজন্মকে উৎসাহ দিতে সম্প্রতি বাদ্যসংগীতের যুগল উৎসবের আয়োজন করা হয় শিশির মঞ্চে। নবম মঙ্গলাচরণা সংগীত সম্মেলন আয়োজিত ‘যুববাদ্য সংগীত উৎসব’ শীর্ষক এই অনুষ্ঠানে অনূর্ধ্ব ৩০ বছর বয়সি তরুণ ও প্রতিশ্রুতিময় যন্ত্রসংগীত শিল্পীরাই অংশগ্রহণ করেন। তাঁদের যুগলবন্দিতে অসামান্য বাদ্যশৈলীর সাক্ষী থাকলেন কলকাতার দর্শক। স্নেহেশ নাগ ও স্বর্ণেন্দু মণ্ডলের সেতার ও সরোদের যুগলবন্দিতে রাগ জয়জয়ন্তী পরিবেশনা সকলের উপভোগ্য হয়। তাঁদের তবলায় সঙ্গত করেন অঞ্জিষ্ণু মুখার্জি। এসরাজ ও স্লাইড গিটারে রাগ কিরওয়ানি বাজিয়ে শোনান সোহম মাইতি ও সিদ্ধাজিৎ মণ্ডল। তবলায় সহযোগিতা করেন রোহেন বসু। সরোদের যুগলবন্দিতে অর্ক রায় ও সৌনক রায়ের পরিবেশনায় রাগ মধুবন্তী ও রাগ শ্রী অনবদ্য। তবলা সহযোগিতায় ছিলেন সুদীপ চক্রবর্তী। বাঁশি ও সন্তুরের যুগলবন্দিতে বনানী দাস ও শারণ্য সরকারের পরিবেশনার রাগ ইমন শ্রোতাদের মন ছুঁয়ে যায়। তবলায় সঙ্গত করেন সোহন ঘোষ।



