Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়মিত ভোটার হলেও ২০২৫-এর তালিকায় নাম বাদ, আতঙ্কে যুবক

২০০৮-০৯ থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন। ২০২৫-এর ভোটার তালিকায় তাঁর নাম থাকাই স্বাভাবিক। অথচ এই তালিকায় পরিবারের বাকি সদস্যদের নাম থাকলেও উধাও তাঁর নাম।

নিয়মিত ভোটার হলেও ২০২৫-এর তালিকায় নাম বাদ, আতঙ্কে যুবক
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ২০০৮-০৯ থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন। ২০২৫-এর ভোটার তালিকায় তাঁর নাম থাকাই স্বাভাবিক। অথচ এই তালিকায় পরিবারের বাকি সদস্যদের নাম থাকলেও উধাও তাঁর নাম। এই ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন হাওড়ার সালকিয়া ধর্মতলার যুবক বুদ্ধদেব সাউ। আতঙ্ক এমন পর্যায়ে যে, খাওয়া-ঘুম পর্যন্ত ভুলে গিয়েছেন তিনি।

Advertisement

বুদ্ধদেববাবু হাওড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বয়স ৩৫ বছর। পরিবারে স্ত্রী, মা, দাদা ও বউদি রয়েছেন। বুদ্ধদেববাবু জানান, ২০০৮-’০৯ সালে তাঁর নাম প্রথম ভোটার তালিকায় ওঠে। তারপর থেকে তিনি একাধিকবার বিধানসভা, লোকসভা ও পুরসভা নির্বাচনে ভোট দিয়েছেন। এমনকি, গত লোকসভা নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। সম্প্রতি এসআইআর চালুর পর এলাকায় তৃণমূলের উদ্যোগে আয়োজিত ভোটরক্ষা শিবিরে নাম যাচাই করতে গিয়ে দেখেন, তালিকায় তাঁর নামের উপর ‘ডিলিটেড’ অর্থাৎ বাতিল স্ট্যাম্প পড়ে রয়েছে। অথচ পরিবারের বাকি সদস্যদের নাম বহাল! এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন বুদ্ধদেববাবু।
সোমবার তাঁকে জেলাশাসকের দপ্তরের সামনে ভোটার কার্ড ও প্রয়োজনীয় নথিপত্র হাতে ছোটাছুটি করতে দেখা যায়। তাঁর কথায়, ‘বুঝতেই পারছি না কেন নাম কেটে দিল। আমি তো কোথাও যাইনি, ঠিকানাও বদল করিনি। দিব্যি বেঁচে আছি। তবু নাম বাতিল! এখন তো ঘুমোতেই পারছি না।’ বুদ্ধদেববাবুর মা সাবিত্রী সাউয়ের প্রশ্ন, ‘আমাদের পরিবারের সবার নাম তালিকায় আছে, শুধু ওর নেই কেন? আমরাও আতঙ্কে রয়েছি।’ জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘সম্ভবত কোনও ত্রুটির কারণে নাম বাদ পড়েছে ওনার। তবে এতে আতঙ্কের কিছু নেই। প্রয়োজনীয় ফর্ম পূরণ করলে ফের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন তিনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ