নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঝাড়খণ্ডে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন কেষ্টপুরের এক যুবক। ১৭ তারিখে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের শেষবার কথা হয়েছিল। তারপর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে বিষয়টি বাগুইআটি থানায় জানান। পরে ঝাড়খণ্ডের কোডারমা থানায় এফআইআর করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সুমিত দাহিমা (৩৯)। তিনি একটি জমি বিক্রি করেছিলেন। যিনি কিনেছেন, তাঁর এখনও কিছু টাকা দেওয়ার কথা। সেই টাকা আদায়ের জন্যই সুমিত ঝাড়খণ্ডে গিয়েছিলেন। ১৭ মার্চ তাঁর সঙ্গে যখন পরিবারের কথা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, অসুস্থ বোধ করছেন। কোনও মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন। তারপর থেকে তাঁকে আর পাওয়া যায়নি।



