Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লরি-ট্রাক্টরের সংঘর্ষে যুবকের মৃত্যু

শুক্রবার দুপুরে গোঘাটের খাঁদিঘি এলাকায় লরির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রতাপ রায়(১৮)। ঘটনায় জখম হয়েছেন একজন।

লরি-ট্রাক্টরের সংঘর্ষে যুবকের মৃত্যু
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শুক্রবার দুপুরে গোঘাটের খাঁদিঘি এলাকায় লরির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রতাপ রায়(১৮)। ঘটনায় জখম হয়েছেন একজন। ঘটনার প্রতিবাদে আরামবাগ-কোতুলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস জানিয়েছে, দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। তার চালক পালাতক। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে খাঁদিঘি এলাকায় ট্রাক্টরটি আরামবাগের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে তার সংঘর্ষ হয়। তার জেরে ট্রাক্টরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই ট্রাক্টরে স্থানীয় চণ্ডীপুর এলাকার ছ’জন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিস ও স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যজনকে উন্নত চিকিৎসা জন্য আরামবাগ থেকে রেফার করা হয়েছে। ঘটনার পর যান নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবিতে আরামবাগ-কোতুলপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়। তার জেরে বাস সহ অন্যান্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সেখানে যান গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্য আধিকারিকরা। তাঁদের আশ্বাসে অবরোধ ওঠে।
ট্রাক্টরে থাকা প্রসেনজিৎ রায় বলেন, আমরা ট্রাক্টরে ছ’জন ছিলাম। এদিন আমরা কোতুলপুর থেকে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলাম। খাঁদিঘিতে ট্রাক্টর নিয়ে দাঁড়িয়েছিলাম। ফের ট্রাক্টরটি ছাড়ার সময় উল্টোদিক থেকে লরিটি এসে ধাক্কা মারে। তাতেই একজনের মৃত্যু হয়েছে। • বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন পুলিস আধিকারিকরা। -নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ