Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে চাল চুরি, সিঙ্গুর থেকে ধৃত যুবক

কোতুলপুরের ডেওপাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে চাল চুরির অভিযোগে রবিবার রাতে পুলিশ হুগলির সিঙ্গুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে চাল চুরি, সিঙ্গুর থেকে ধৃত যুবক
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরের ডেওপাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে চাল চুরির অভিযোগে রবিবার রাতে পুলিশ হুগলির সিঙ্গুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম অরিজিৎ ধাড়া। তার বাড়ি সিঙ্গুর থানার জমপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ডেওপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল চুরির অভিযোগ ছিল। তার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে হেপাজতে নেওয়া হয়েছে। তাকে জেরা করে ঘটনায় জড়িত অন্যান্যদেরও ধরা হবে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কোতুলপুরের কোয়ালপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন ডেওপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা ভেঙে দু’বস্তা চাল ও এক লিটার সর্ষের তেল চুরি যায়। রাত ৩টে নাগাদ আওয়াজ পেয়ে পাশের একটি বাড়ির সদস্যরা জেগে উঠলে দুষ্কৃতীরা চোরাই সামগ্রী তড়িঘড়ি গাড়িতে চাপিয়ে চম্পট দেয়। তবে যাওয়ার সময় দুষ্কৃতীদের একটি মোবাইল পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় সিভিক ভলান্টিয়ার খবর দেওয়া হয়। তিনি থানায় জানান। রবিবার সকালে ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী রবিরানি পণ্ডিত কোতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে দুষ্কৃতীদের ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে সিঙ্গুর থেকে ওইদিনই রাতে অরিজিৎকে গ্রেফতার করে। সোমবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের সঙ্গে তার এক সহযোগী ছিল। তাকেও ধরার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অরিজিৎ ও তার সহযোগীরা বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুর প্রভৃতি এলাকায় গাড়িতে করে বিভিন্ন সামগ্রী সরবরাহ করে। ফেরার পথে এলাকায় বিভিন্ন সামগ্রী চুরি করে তা গাড়িতে চাপিয়ে পালিয়ে যায়। কিছুদিন আগে একইভাবে এলাকা থেকে বিভিন্ন টাওয়ার ও সোলার লাইটের ব্যাটারি একের পর এক চুরি যায়। ওই ঘটনার সঙ্গেও ধৃতের যোগ রয়েছে কি না পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ