নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নথি দিয়ে শহরের বিভিন্ন ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট খোলার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এরপর বিভিন্ন সংস্থার জাল চেক ইস্যু করে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ব্যাঙ্কের তরফে সম্প্রতি মুচিপাড়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিস। তখনই একের পর ব্যাঙ্ক জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম ফজলু রহমান। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, পুলিস তদন্ত নেমে জানতে পারে, সে ২০-২৫টি জাল নথি দিয়ে বিভিন্ন ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খোলে। ধৃতের যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের খতিয়ে দেখার পাশাপাশি এই ঘটনার পিছনে কোনও বড় ‘অপরাধ চক্র’ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছেন মুচিপাড়া থানার পুলিস ও কলকাতা পুলিসের গোয়েন্দারা।



