বহরমপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ৮ লক্ষ টাকা হাতানোয় অভিযুক্ত যুবক
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসের পাশাপাশি আটলক্ষ টাকা নিয়েছিল বহরমপুরের এক যুবক। পরে বিয়ে করতে যেমন অস্বীকার করে, তেমনি টাকাও ফেরত দেয়নি। বানজেটিয়ার ওই যুবতী বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিনী বানজেটিয়ায় ভাড়াবাড়িতে থাকেন। তাঁর অভিযোগ, প্রায় সাতবছর আগে বহরমপুরের খাগড়ার এক যুবকের সঙ্গে ফেসবুকে তাঁর পরিচয় হয়েছিল। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর ভাড়াবাড়িতেই একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করে ওই যুবক। তাঁর থেকে নগদে ও অনলাইনে সবমিলিয়ে প্রায় আটলক্ষ টাকাও নেয়। গত ১৯সেপ্টেম্বর রাতেও সে ওই যুবতীর ভাড়াবাড়িতে গিয়ে সহবাস করেছিল। ওই যুবতীর অভিযোগ, এরপর তিনি বিয়ের কথা বললে ওই যুবক তাতে রাজি হয়নি। এমনকী, তাঁর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতেও অস্বীকার করে। এরপরই তিনি থানায় অভিযোগ জানান। বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement