Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণীর শ্লীলতাহানি ও সোনার অলংকার ছিনতাই, রাতে অ্যাপ বাইক পরিষেবার আড়ালে সক্রিয় চক্র?

তরুণীর শ্লীলতাহানি ও সোনার অলংকার ছিনতাই, রাতে অ্যাপ বাইক পরিষেবার আড়ালে সক্রিয় চক্র?
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাসের দেখা নেই। আর অ্যাপ ক্যাবে খরচ বিরাট। তাই অ্যাপনির্ভর বাইক পরিষেবা নিয়েছিলেন এক তরুণী। মাঝরাস্তায় বিপত্তি। অভিযোগ, রাতের শহরে তরুণীর শ্লীলতাহানি করেন ওই বাইক চালক। প্রতিবাদ করলে গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় সে। তাহলে কি এবার রাতের শহরে বাইক পরিষেবার নামে শহরে ছিনতাই চক্র সক্রিয়? গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিস।  

Advertisement

তরুণী পুলিসকে জানিয়েছে, অফিস থেকে অ্যাপ বাইক বুক করেন তিনি। ফোন করতেই বাড়তি ৫০ টাকা দাবি করেন বাইকচালক। নির্যাতিতার অভিযোগ,  নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে আসে বাইক চালক। দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে তরুণী। অভিযোগ, সুযোগ বুঝে অত্যন্ত দ্রুত গতিতে বাইক ছোটাতে থাকেন যুবক। ভয়ের কারণে এরপর আস্তে চালানোর জন্য অনুরোধ করেন মহিলা। তাঁর অভিযোগ, অনুরোধ উড়িয়ে দিয়ে অশ্লীল ভঙ্গিতে চালক বলেন,—‘আমাকে ধরে বসুন। তাহলেই আর পড়বেন না।’
অভিযোগ, এরপরে বাইক চালানোর সময়ই বেশ কয়েকবার তরুণীকে অশ্লীলভাবে স্পর্শ করার চেষ্টা করেন চালক।  হেস্টিংসের কাছে তখনই বাইক দাঁড় করাতে বলেন তরুণী। বাইক থেকে নেমে পড়েন তিনি। পুলিসি সাহায্য নেওয়ার জন্য ১০০ ডায়াল করেন নির্যাতিতা। অভিযোগ, সেই মুহূর্তেই তরুণীর গলা থেকে সোনার চেন টান মেরে ছিঁড়ে নেয় বাইক চালক। তার জেরে রাস্তায় পড়ে যান তরুণী। তখনই গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাইক চালক। হেস্টিংস থানার তরফে বিশেষ দল পাঠানো হয় ঘটনাস্থলে। তরুণীকে থানায় নিয়ে যাওয়া হয়। শ্লীলতাহানি ও চেন ছিনতাইয়ের অভিযোগ করা হয় নির্যাতিতার তরফে। তার ভিত্তিতেই তদন্তে নেমেছে পুলিস। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে চিহ্নিত করার কাজ হচ্ছে বলে পুলিস সূত্রে খবর। অন্যদিকে, এই ঘটনায় রাতের শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অফিস থেকে নিত্যদিন অ্যাপবাইকে যাওয়া-আসা করা এক তরুণী আরাত্রিকা সেন বলেন, ‘আমার সল্টলেকে অফিস। রাতের বেলা বেহালা যাওয়ার বাস পাওয়া যায় না বলে অ্যাপ বাইকেই ফিরি। খোদ শহরের ভিতরে অ্যাপ বাইক চালকের অসভ্যতা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। অ্যাপ বাইকের আড়ালে ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠছে। পুলিসের উচিত বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করা। এখানে মহিলাদের নিরাপত্তা জড়িয়ে রয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ