Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঞ্জিপাড়ায় লরির সঙ্গে সংঘর্ষ, মৃত্যু বাইকচালক যুবকের, সড়ক অবরোধ

পরিবারের সঙ্গে ঈদ পালন করতে ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পাঞ্জিপাড়ায় ৩১ নং জাতীয় সড়কে লরি ও বাইকের সংঘর্ষে প্রাণ গেল বাইক চালকের।

পাঞ্জিপাড়ায় লরির সঙ্গে সংঘর্ষ, মৃত্যু বাইকচালক যুবকের, সড়ক অবরোধ
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: পরিবারের সঙ্গে ঈদ পালন করতে ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পাঞ্জিপাড়ায় ৩১ নং জাতীয় সড়কে লরি ও বাইকের সংঘর্ষে প্রাণ গেল বাইক চালকের। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে নয়াহাট কালীবাড়ি এলাকায়। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় ৪০ মিনিট ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পুলিসের হস্তক্ষেপে পরে অবশ্য অবরোধ উঠে যায়। মৃত বাইকচালকের নাম শোয়েব আলম (২৩)। বাড়ি গোয়ালপোখরের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।

Advertisement

পাঞ্জিপাড়া থেকে বাড়ি ফেরার সময় নয়াহাট কালীবাড়ি এলাকায় ডালখোলাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। গুরুতর জখম হন শোয়েব। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,শোয়েব সিকিমে রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালেই বাড়ি ফিরেছিলেন শোয়েব। এসে বাইক নিয়ে পাঞ্জিপাড়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঈদের আগে ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ মৃতের বাবা-মা। 
গত ৯ মার্চ ওই এলাকায় ছোটগাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়েছিল। সেদিনও বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। মাস না ঘুরতেই ফের দুর্ঘটনায় প্রাণ গেল আরেক যুবকের। পরপর সড়ক দুর্ঘটনায় ক্ষোভ বাড়ছে এলাকায়। বিক্ষুব্ধদের বক্তব্য, নয়াহাট এলাকায় ফোর লেনের জাতীয় সড়কের ডিভাইডার অবৈধভাবে কেটে দেওয়া হয়েছে। ওই স্থান দিয়ে ছোটখাটো যানবাহন পারাপার হয়। এর ফলে দুর্ঘটনা ঘটছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ