‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ জ্যায়সা কোই’। সদ্য মুক্তি পেয়েছে ফতিমা সানা শেখের দু’টি ছবি। এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী।
‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ জ্যায়সা কোই’। সদ্য মুক্তি পেয়েছে ফতিমা সানা শেখের দু’টি ছবি। এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী।
• আপনার তো প্রেমের মরশুম চলছে, নাকি?
•• (হাসি) আমি ভীষণ ভাগ্যবান! বহুদিন পর একমাসে আমার দু’টি ছবি মুক্তি পেল। দুটিই প্রেমের গল্প।
• কেমন প্রতিক্রিয়া পেলেন?
•• এখনও পর্যন্ত সকলেই প্রশংসা করেছেন। আমার মনে হয়, দর্শক এখন হালকা মেজাজের ছবি দেখতে চান। কারণ অ্যাকশন, ডার্ক থ্রিলার দেখতে দেখতে মানুষ ক্লান্ত। আমি নিজেও পছন্দ করি না।
• ‘মেট্রো ইন দিনো’তে কাজ করার অভিজ্ঞতা কেমন?
•• অনুরাগদার (পরিচালক অনুরাগ বসু) ছবিতে কাজ করলে চিন্তা করতে হয় না। উনি নিজের কাঁধেই পুরো দায়িত্ব নেন। আর যাঁদের কাস্ট করেন, তাঁদের সঙ্গে কাজ করলে অনেককিছু শেখা যায়। প্রত্যেকটা চরিত্র ভীষণ যত্ন করে লেখেন। আমাদের সঙ্গে কিন্তু স্ক্রিপ্ট শেয়ার করেননি।
• ‘আপ জ্যায়সা কোই’তে মাধবনের থেকে কী শিখলেন?
•• মাধবন কেবল পর্দায় নয়, বাস্তবেও ভীষণ চার্মিং। ছবিটার চিত্রনাট্য খুব ভালো। বিবেক সোনি (পরিচালক) খুব যত্ন নিয়ে সেট তৈরি করেছিলেন। ছবির গল্প সমতার কথা বলে। মেয়েরা কখনওই ছেলেদের তুলনায় সেরা হতে চায় না। বরং সমানাধিকার পেতে চায়। এটাই প্রকৃত নারীবাদের দৃষ্টিভঙ্গি।
• একান্নবর্তী পরিবারের গল্প?
•• আমার নিউক্লিয়ার পরিবারে বড় হয়েছি। মুম্বইতে বাবা, মা, আমি আর ভাই– একসঙ্গে থাকি। কিন্তু আমাদের বড় পরিবার রয়েছে জম্মুতে। এ ধরনের একটা গল্পে কাজ করে বুঝলাম বড় পরিবারে থাকার আনন্দ কতখানি। ওরাই প্রকৃত বন্ধু, সাপোর্ট সিস্টেম।
• কলকাতায় শ্যুট করে কেমন লাগল?
•• এই ছবির শ্যুটিংয়ের জন্য প্রথমবার কলকাতায় গিয়েছিলাম। কলকাতার মানুষ ভীষণ সপোর্টিভ। পরিচালক কলকাতাকে একেবারে অন্যভাবে তুলে ধরেছেন ছবিতে।
• আপস আর বিচ্ছেদ নিয়ে আপনার মত কী?
•• আমি মনে করি, কম্প্রোমাইজ এমন একটা শব্দ, যা প্রেমে থাকবেই। কিন্তু সব কিছুতেই আপস করাটা বিরক্তিকর। সেটা যে কোনও সম্পর্কেই। আমি প্রেমের ব্যাপারে খুব প্যাশনেট। তবে বিচ্ছেদ হলে কেঁদে ফেলি। পরে অবশ্য উপলব্ধি করি, দুঃখ না পেলে সুখের মূল্য বোঝা যায় না। প্রেমে থাকলে জীবনের সব রং অনুভব করা যায়।
• আপনার থেকে বয়সে বড় কারও প্রেমে পড়বেন?
•• পড়তেই পারি (হাসি), দেখা যাক...।
শামা ভগত • মুম্বই