নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শনিবার শহরতলির বিভিন্ন প্রান্তে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। উদযাপনে যোগ দিলেন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক থেকে স্কুল-কলেজ পড়ুয়ারা।
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শনিবার শহরতলির বিভিন্ন প্রান্তে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। উদযাপনে যোগ দিলেন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক থেকে স্কুল-কলেজ পড়ুয়ারা।
হাওড়ার উলুবেড়িয়া ১ নং ব্লক অফিস প্রাঙ্গণে জেলা গঙ্গা কমিটির আয়োজনে যোগ দিবস পালন করা হল। যোগাভ্যাস করেন বিডিও, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। ফুলেশ্বরের মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সদর কার্যালয়ের সামনেও যোগ দিবস পালিত হয়। দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় যোগ ব্যায়াম প্রদর্শন করেন শিক্ষার্থীরা। জুলজি সার্ভে অব ইন্ডিয়ার ক্যানিং শাখায় এদিন পালিত হয় যোগ দিবস। কাকদ্বীপের বিভিন্ন এলাকায় এই দিনটি উদযাপন করা হয়। হুগলির চুঁচুড়া মাঠ ও ঘড়িমোড়ে বিজেপি নেতৃত্ব দু’টি যোগ শিবিরের আয়োজন করেছিল। এছাড়া বাঁশবেড়িয়া, চন্দননগর, শ্রীরামপুরে যোগ দিবস পালিত হয়েছে। পাণ্ডুয়াতে একটি স্থানীয় নাগরিক সংগঠন যোগ দিবস পালন করে।
বারাকপুরের সেনা ছাউনিতে সেনা কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্যান্টনমেন্ট বোর্ড, বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ক্লাব ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে যোগ দিবসের অনুষ্ঠান পালিত হয়। উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, বনগাঁ রাখালদাস হাইস্কুল ও গাইঘাটা বাণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয় যোগ দিবস পালনের আয়োজন করা হয়।
আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে বনগাঁ ছয়ঘড়িয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বনগাঁ শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল যোগ দিবস। এদিন বেলুড়ের যোগাশ্রী মেডিক্যাল কলেজে অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রীরা বিভিন্ন যোগাসন প্রদর্শন করেন। শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় বটানিক্যাল গার্ডেনে মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফে যোগাসন অভ্যাস করা হয়। কেন্দ্রীয় সংস্থা জাতীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থা কলকাতায় একটি যোগ শিবিরের আয়োজন করে।