নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হল মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এই পদে ছিলেন বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার। তাঁর বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ পঙ্কজকুমার রায় অভিযোগ করেছিলেন যে, দেবাশিস কুমার তাঁকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছিলেন। যদিও, অধ্যক্ষের বিরুদ্ধেই আঙুল তুলছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তা সত্ত্বেও দেবাশিস কুমারকে অপসারণের সিদ্ধান্তে কিছুটা অবাক কলেজের একটা মহল। তবে, আরেকটি মহলের দাবি, যে ছাত্রনেতার সঙ্গে অধ্যক্ষের বিরোধের অভিযোগ, তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ। তাই তাঁকেই পরিচালন সমিতিতে এনে একটি বার্তা দেওয়া হল।



