Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

যোগীরাজ্যে বাড়িতে ঢুকে মারধর,   থানাতেও হেনস্তার শিকার কৃষক দম্পতি

যোগীরাজ্যে বাড়িতে ঢুকে মারধর,   থানাতেও হেনস্তার শিকার কৃষক দম্পতি
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পিলভিট: জোর করে বাড়িতে ঢুকতে চেয়েছিল দুষ্কৃতীরা। তাদের বাধা দেন কৃষক দম্পতি। সেই রাগে ২৮ বছরের কৃষককে ব্যাপক মারধর এবং তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি করল পাঁচ দুষ্কৃতী। ঘটনার শেষ এখানেই নয়, ওই দম্পতি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও জোটে হেনস্তা। পুলিস অফিসারকে ঘুষ দেওয়ার ভুয়ো অভিযোগ তুলে তাঁদের ২৪ ঘণ্টার বেশি থানায় আটকে রাখা হয়। গত ১৭ জানুয়ারি পিলভিটে ঘটনাটি ঘটে। পরে আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি। আদালতের নির্দেশে পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। স্থানীয় সূত্রে খবর, রাতে পাঁচজন দুষ্কৃতী কৃষকের বাড়িতে জোর করে ঢুকে পড়ে। তারা কৃষককে ব্যাপক মারধর করার পর তাঁর স্ত্রীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এরপর থানায় গেলেও হেনস্তা করা হয়। তাঁরা আহত হওয়া সত্ত্বেও পুলিস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়নি তাঁদের। পুলিস জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত পরজিৎ সিং। এছাড়াও আরও চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিস অফিসার বলেন, দু’পক্ষের ঝামেলা চলছিল। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দম্পতির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ