মহারাজগঞ্জ: উত্তরপ্রদেশে আত্মঘাতী নিশাদ পার্টির এক কর্মী। মৃতের নাম ধর্মাত্ম নিশাদ (২৯)। মহারাজগঞ্জ জেলার নরকথা গ্রামে তাঁর বাড়ি। চরম পথ বেছে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া পোস্টে নিশাদ পার্টির প্রধান তথা যোগী সরকারের মন্ত্রী সঞ্জয় নিশাদকে দায়ী করে গিয়েছেন ওই কর্মী। দীর্ঘ ওই পোস্টে তাঁর দাবি, ‘আমি দুনিয়া ছেড়ে চলে গেলে তারজন্য দায়ী থাকবেন সঞ্জয় নিশাদ, তাঁর দুই ছেলে প্রবীণ কুমার, শ্রাবণ কুমার এবং আমার বিশ্বাসঘাতক বন্ধু জয়প্রকাশ নিশাদ। আমি চাইলে তাঁদের হত্যা করতে পারতাম। কিন্তু খুনি হতে চাইনি।’ এরপর তিনি লিখেছেন, ‘মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে একাধিকবার জেলে যেতে হয়েছে। তারপরও আমি মানুষের পাশে দাঁড়িয়েছি।’ দলীয় কর্মীর সুইসাইড নোট প্রসঙ্গে বিজেপির শরিক দলের মন্ত্রী সঞ্জয় নিশাদ বলেন, ‘ধর্মাত্মা আমাদের দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। আমার পরিবারের বিরুদ্ধে তিনি ভুয়ো অভিযোগ করেছেন।’ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিস।



