Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যুবভারতীতে মিনি ডার্বি জিততে মরিয়া ইস্ট বেঙ্গল

যুবভারতীতে মিনি ডার্বি জিততে মরিয়া ইস্ট বেঙ্গল
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল। অতীতে এই দুই দলের সাক্ষাৎ মানেই টানটান লড়াই। কিন্তু সেই কৌলিন্য এখন নেই। আইএসএল টেবিলে এখন একাদশতম স্থানে ইস্ট বেঙ্গল (১৯ ম্যাচে ১৮ পয়েন্ট)। আর সবার শেষে অর্থাৎ ১৩ নম্বরে মহমেডান স্পোর্টিং (১৯ ম্যাচে ১১ পয়েন্ট)। শেষ পাঁচটি ম্যাচে দুই দলেরই এক হাল। জয় এসেছে মাত্র একটিতে। এছাড়া সঙ্গী তিনটি হার ও একটি ড্র। স্বাভাবিকভাবেই সমর্থকরা ক্ষুব্ধ। শুক্রবার ইস্ট বেঙ্গলের অনুশীলনের পর ফুটবলারদের কটূক্তি ‘উপহার’ দেন লাল-হলুদ অনুরাগীরা। তবে হতাশ সমর্থকদের পাশেই দাঁড়াচ্ছেন কোচ অস্কার ব্রুজোঁ। শনিবারের সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘ওরাই আমাদের অনুপ্রেরণা। খারাপ পারফরম্যান্সের জন্য আমরা সবাই দায়ী। মনে রাখতে হবে, ইস্ট বেঙ্গলের সম্মান আমাদের হাতে। যথাযথ মর্যাদা দিতে না পারলে পদ আঁকড়ে থাকা উচিত নয়। তবে এই ঘটনার ইতিবাচক দিকও রয়েছে। মর্যাদার ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে তৈরি ফুটবলাররা।’
Advertisement
চলতি মরশুমে এখনও কোনও ডার্বি জেতেনি ইস্ট বেঙ্গল। প্রথম লেগে মহমেডানের বিরুদ্ধে ন’জনে মিলে ড্র করে মাঠ ছাড়ে অস্কার ব্রিগেড। তবে সেই ম্যাচেই পয়েন্টের খাতা খুলেছিলেন দিয়ামানতাকোসরা। রবিবার অবশ্য জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবল খেলবেন তাঁরা। কিন্তু কোচ ব্রুজোঁর তো নুন আনতে পান্তা ফুরনোর সংসার। চোটের তালিকা দীর্ঘ। তার উপর ম্যাচের ২৪ ঘণ্টা আগে নাওরেম মহেশের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হল। এদিন মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। সূত্রের খবর, পায়ের পাতা ও গোড়ালিতে চোট রয়েছে তাঁর। তবে শেষ মুহূর্ত পর্যন্ত নাওরেমকে মাঠে নামানোর চেষ্টা চালানো হচ্ছে। শনিবার সকালের  অনুশীলনে উইং প্লে’র উপরেই জোর দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। পাশাপাশি রক্ষণ নিয়েই সেরে রাখলেন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। লিগ টেবিলের লাস্ট বয়ের বিরুদ্ধে খেললেও স্প্যানিশ কোচ বেশ সাবধানী। তাঁর মন্তব্য, ‘ওরাও ভালো জায়গায় নেই। তাই মরণ কামড় দিতে চাইবে। তারজন্য আমরা প্রস্তুত।’
এদিকে, কঠিন সময়ে দলকে ফেলে দেশে ফিরেছেন মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চেরনিশভ। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব মেহরাজউদ্দিনের কাঁধে। তিনি জানেন, প্রথমে গোল পেলে ম্যাচের রাশ নিয়ন্ত্রণে রাখা যায়। তাই রবিবার শুরুতেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়বে তাঁর দল। কার্ড সমস্যায় কাসিমভ না থাকায় বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালেক্সিসকে। পাশাপাশি লক্ষ্যভেদের জন্য ভরসা ফ্রাঙ্কা। এদিন মেহরাজউদ্দিন বলেন, ‘আশা করছি, রবিবার অন্য মহমেডানকে দেখতে পাওয়া যাবে। ম্যাচ জেতা ছাড়া আমাদের সামনে অন্য কোনও পথ নেই।’
ইস্ট বেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: প্রভসুখন, রাকিপ, হেক্টর, আনোয়ার, প্রভাত, নন্দকুমার/ডেভিড, শৌভিক, মহেশ, বিষ্ণু, মেসি বাওলি ও দিয়ামানতাকোস। 
মহমেডান স্পোর্টিং: পদম, আদিঙ্গা, ফ্লোরেন্ট, গৌরব, জোহেরলিয়ানা, লালরিনফেলা, মাফেলা, আলেক্সিস, ফ্রাঙ্কা, মার্ক আন্দ্রে ও বিকাশ সিং। 
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ