নয়াদিল্লি: এসআইআর ইস্যুতে ফের আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ, শনিবার কেরলের কোচিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে তারা। বিকেল চারটের সময় রাজেন্দ্র ময়দানে ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত্ দিপকে। বৃহস্পতিবার সিজেপির তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘যন্তরমন্তর অ্যাট কোচি’। অর্থাত্ কোচিতেই এবার যন্তরমন্তর। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, ‘গণতন্ত্র রক্ষা করুন, এসআইআর বাতিল করুন।’ অভিজিতের সঙ্গেই বিক্ষোভে অংশ নেবেন সিজেপির দক্ষিণ জোনের প্রধান বিজয় মাল্লানগি এবং সর্বভারতীয় সচিব আফরিন নওয়াজ। পুলিশের অনুমতি ছাড়াই দিল্লির যন্তরমন্তরে যাওয়ার জন্য সিজেপির দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আটক হন দিপকেও। সেই ঘটনার পর প্রথমবার আন্দোলনে নামছে ককরোচ পার্টি।
এদিকে, জেন জি আন্দোলনকে সমর্থন করে এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট মার্কিন কংগ্রেসের সদস্য রো খান্না। তিনি লিখেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে হিন্দু জাতীয়তাবাদের নিন্দা করি। যেভাবে দুর্নীতির বিরুদ্ধে পড়ুয়ারা রাস্তায় নেমেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। আমার পূর্বপুরুষও গান্ধীর স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন। আমিও গান্ধী ও নেহরুর বহুত্ববাদে বিশ্বাসী।



