নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অচল বিমান সরানোকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে যায় পথচলতি মানুষের মধ্যে। বৃহস্পতিবার গভীর রাত থেকে এই বিমানটি সরানোর প্রক্রিয়া শুরু হয়। শুক্রবারও সে কাজ চলেছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, এটি একটি সাধারণ প্রক্রিয়া। সর্বোচ্চ সুরক্ষাবলয়ের মধ্য দিয়ে এই বিমান সরানো হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে বিমান বের করার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পুলিস প্রশাসনের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার দিকে নজর দিয়েই যাবতীয় কাজ করা হয়েছে।
সাধারণত অচল বিমানের ভাঙা অংশ নিয়ে যাওয়া হয় হোটেল, রেস্তরাঁ, কফিশপ, দোকান, টিকিট কাউন্টার, প্রদর্শনী কেন্দ্র ইত্যাদি জায়গায় পুনর্ব্যবহারের জন্য। গতবছর কলকাতা বিমানবন্দর থেকে পাঁচটি বিমানের ভাঙা অংশ সরানো হয়েছে। এ বছর আরও তিনটি বিমানের ভাঙা অংশ সরানোর কাজ হয়। গতকাল ছিল তার শেষ পর্ব। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মিরাট ও রাজস্থানে বিমানের ভাঙা অংশ নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এই পুরনো বিমান সরানোর পর্ব দেখেই তুমুল আগ্রহ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। যাত্রীরা বিমানের ভাঙা অংশ মোবাইলের ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন।