Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিশ্বে প্রথম, আলবেনিয়ায় এআই মন্ত্রী ডায়েলা

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। যতই দিন এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা বাড়ছে। এবার এআইকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে তাক লাগাল আলবেনিয়া।

বিশ্বে প্রথম, আলবেনিয়ায় এআই মন্ত্রী ডায়েলা
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

তিরানা: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। যতই দিন এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা বাড়ছে। এবার এআইকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে তাক লাগাল আলবেনিয়া। সেদেশের মন্ত্রিসভায় জায়গা করে নিল এআই মন্ত্রী। নাম ডায়েলা। যার অর্থ সূর্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই নজির গড়ল আলবেনিয়া। প্রধানমন্ত্রী এদি রামার কথায়, পিক্সেলস ও কোডিং দিয়ে তৈরি ডায়েলা দেশে দুর্নীতি দমনে ভূমিকা নেবে। 

Advertisement

মন্ত্রিসভার এই ভার্চুয়াল সদস্যের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি জানান, রক্তমাংসের কোনও মানুষ নন। এই প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবে এআই। আলবেনিয়াকে দুর্নীতিমুক্ত করতেই এই পদক্ষেপ। হঠাৎ করে কেন এই ভাবনা? সাম্প্রতিক সময়ে আলবেনিয়ায় সরকারি প্রকল্পকে কেন্দ্র করে নানা স্তরে দুর্নীতি ধরা পড়েছে। দেশে আর্থিক প্রতারণা, মাদক পাচার, আগ্নেয়াস্ত্র পাচারের মতো একাধিক অপরাধ মাথাচাড়া দিয়েছে। সেইসূত্রেই ডায়েলার আগমন। মূলত সরকারি প্রকল্পের টেন্ডার সহ একাধিক নথির স্বচ্ছতা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধ দমনের বিষয়টি দেখবে এই মন্ত্রী। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কাজ করে চলেছে ডায়েলা। শুরুতে সেদেশের সরকারি ওয়েবসাইট ই-আলবেনিয়াতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজে লাগানো হয়েছিল তাকে। বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবা প্রদানের কাজে সহায়তা করত এই এআই মানবী। সেই কাজে মুগ্ধ হয়েই ডায়েলাকে মন্ত্রী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ