Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরের মুগবেড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

ভগবানপুর২ ব্লকের মুগবেড়িয়ার সুধাবালা ব্যায়ামাগারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত হল। বৃহস্পতিবার এই উপলক্ষ্যে ব্যায়ামাগারের সভাকক্ষে পরিবেশ বিষয়ক আলোচনাচক্র, কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র ও চারাগাছ বিলির মতো কর্মসূচি হয়।

ভগবানপুরের মুগবেড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর২ ব্লকের মুগবেড়িয়ার সুধাবালা ব্যায়ামাগারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত হল। বৃহস্পতিবার এই উপলক্ষ্যে ব্যায়ামাগারের সভাকক্ষে পরিবেশ বিষয়ক আলোচনাচক্র, কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র ও চারাগাছ বিলির মতো কর্মসূচি হয়। আলোচনাচক্রে পরিবেশ সচেতনতার বিষয়ে বক্তৃতা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি, অধ্যাপক সুশীলরঞ্জন মাইতি, মানিকজোড় হাইস্কুলের প্রধান শিক্ষক প্রীতিরতন ত্রিপাঠী প্রমুখ।

Advertisement

অনুষ্ঠানে বিশিষ্ট লেখক তথা সমাজসেবী চৈতন্যময় নন্দের উদ্যোগে ও ওড়িশার ভুবনেশ্বরের ‘শ্রীচৈতন্য ইন্সটিটিউট অব বৈষ্ণবিক কালচার’-এর সহায়তায় শতাধিক দুঃস্থ মহিলাকে শাড়ি দেওয়া হয়। মুগবেড়িয়ার একটি সংস্থার সহায়তায় স্থানীয় ছেলেমেয়েদের হাতে নানা গাছের চারা তুলে দেওয়া হয়। অতিথিরা নিজেদের বক্তব্যে পরিবেশ দিবস, বৃক্ষরোপণের উপযোগিতার কথা বিশেষভাবে তুলে ধরেন। সঙ্গীতশিল্পী অপরাজিতা ত্রিপাঠী উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ব্যায়ামাগারের সভাপতি অমিতকুমার মান্না, সহ-সভাপতি স্বপন ত্রিপাঠী, বিভাস নন্দ, শান্তিরঞ্জন ভারতী, স্বপনকুমার ত্রিপাঠী, মৌমিতা মাইতি, সৌরভ মাইতি, নলিনী ত্রিপাঠী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সুধাবালা ব্যায়ামাগার ৫০বছর অতিক্রান্ত করেছে। গতবছরই এই ব্যায়ামাগারের সুবর্ণজয়ন্তী উৎসব সাড়ম্বরে উদযাপিত হয়েছে। এখানে নিয়মিত যোগব্যায়াম প্রশিক্ষণ দেওয়া হয়। এলাকার অনেক ছেলেমেয়ে যোগব্যায়াম শেখে। ব্যায়ামাগারের উদ্যোগে প্রতিবছর জমজমাট দুর্গোৎসব আয়োজিত হয়। সেইসঙ্গে চক্ষু পরীক্ষা, থ্যালাসেমিয়া সচেতনতা শিবির, বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে বছরভর ব্যায়ামাগার কর্তৃপক্ষ মানুষের পাশে থাকে। এখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের অবৈতনিক কোচিংয়ের ব্যবস্থাও রয়েছে। এর আগে ব্যায়ামাগার প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানো হয়েছে।
ব্যায়ামাগারের সভাপতি অমিতকুমার মান্না বলেন, আগামী দিনেও আমরা নানা সামাজিক কর্মসূচি আয়োজন করব। এর মাধ্যমে আমরা মানবসেবার ব্রতটুকু পালনের চেষ্টা করে চলেছি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ