নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়। এই মৃত্যুকে ঘিরে সোমবার সাতসকালেই উত্তপ্ত হয়ে ওঠে মিল চত্বর। শ্রমিকদের দাবি, এদিন সকালে কাজে যোগ দেওয়ার পর ওয়াইন্ডিং বিভাগের দাহারি যাদব (৫০) নামে এক শ্রমিক বাথরুমে গিয়ে আচমকা অজ্ঞান হয়ে যান। তাঁকে মিলের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মিলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে, এই মৃত ঘোষণা করতেই তীব্র ক্ষোভ জানান শ্রমিকরা। ওই মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে মিলের ভিতরেই বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিস। এই টানাপোড়েনে চার ঘণ্টার বেশি মৃতদেহটি পড়ে থাকে। পরিবারের লোক এবং সহকর্মীরা মৃতদেহ সরাতে তীব্র আপত্তি জানান। হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, অ্যালায়েন্স জুটমিল কর্তৃপক্ষকে বারবার ফোন করা সত্ত্বেও কেউ সাড়া দেননি। পরে শ্রমিকদের বুঝিয়ে মৃতদেহ উদ্ধার করে জগদ্দল থানার পুলিস ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শ্রমিক বিক্ষোভের জেরে বেশ কয়েক ঘণ্টা কাজ বন্ধ থাকে জগদ্দলের অ্যালায়েন্স জুটমিলে।