Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরসভা থেকে পানীয় জলের ট্যাঙ্কার এনে বাড়িতে ঢালাই, সাসপেন্ড কর্মী

পুরসভা থেকে পানীয় জলের ট্যাঙ্কার এনে বাড়িতে ঢালাই, সাসপেন্ড কর্মী
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অনুষ্ঠানের নাম করে পরিস্রুত পানীয় জলের ট্যাঙ্ক আনানো হয়েছিল পুরসভা থেকে। সেই জল নির্মাণকাজে বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ উঠল উলুবেড়িয়ার ৩১ নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুরে। বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার সকালে পুরসভার চেয়ারম্যান অভয় দাস ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের পাশাপাশি পানীয় জলের ট্যাঙ্ক সরবরাহের দায়িত্বে থাকা কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেন।

Advertisement

জানা গিয়েছে, গঙ্গারামপুর মোড় এলাকায় মেদিনীপুর ক্যানালের পাড় দখল করে বেশ কিছুদিন ধরে বেআইনিভাবে দু’টি বিল্ডিং নির্মাণের কাজ চলছে।  একটি বিল্ডিং বুধবার ঢালাই হয়েছে, অন্যটির বৃহস্পতিবার ঢালাই হওয়ার কথা ছিল। কিন্তু ঢালাইয়ের জন্য যে পরিমাণ জল প্রয়োজন, তা ওই এলাকায় নেই। অভিযোগ, জনৈক এক ব্যক্তি অনুষ্ঠান আছে বলে পুরসভা থেকে পানীয় জলের দু’টি ট্যাঙ্কার বুক করেন। বুধবার ঢালাইয়ের সময় একটি ট্যাঙ্কার ব্যবহৃত হয়েছে। এদিন দ্বিতীয় বিল্ডিং ঢালাইয়ের জন্য আরেকটি জলের ট্যাঙ্কার নিয়ে আসা হয়। এদিকে, পানীয় জল দিয়ে বেআইনি নির্মাণকাজ হচ্ছে, এই খবর পাওয়া মাত্র এদিন ঘটনাস্থলে যান চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান এবং জল বিভাগের সিআইসি সদস্য আকবর শেখ। 
জানা যায়, স্থানীয় পারিবারিক অনুষ্ঠানে জল লাগবে, এই কারণ দেখিয়ে এক ব্যক্তি মাত্র ৭১০ টাকার বিনিময়ে জলের ট্যাঙ্ক ভাড়া করেছেন। তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। সঙ্গে সঙ্গে জল বিভাগের এক কর্মীকে সাসপেন্ড  করার নির্দেশ দেন চেয়ারম্যান। সেই সঙ্গে নির্মাণকাজ বন্ধ করার পাশাপাশি মালপত্র বাজেয়াপ্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অভয়বাবু।
এদিন পুর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছনোর পরেই নির্মীয়মাণ বিল্ডিংয়ের মালিক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে আসে পুলিস। চেয়ারম্যান অভয় দাস বলেন, কোনও অনুষ্ঠানের জন্য কেউ আবেদন করলে তাঁদের ন্যূনতম খরচে পানীয় জলের ট্যাঙ্ক সরবরাহ করা হয়। এক্ষেত্রে সেই আবেদন যাচাই করার কথা জল বিভাগের কর্মীদের। এক্ষেত্রে গাফিলতি প্রমাণিত হওয়ায় জল বিভাগের কর্মী শ্রীমন্ত আদককে সাসপেন্ড করা হয়েছে। সেইসঙ্গে বেআইনি নির্মাণকাজে পানীয় জল ব্যবহারে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা 
হয়েছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ