Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেরলে গিয়ে মৃত্যু ময়নাগুড়ির শ্রমিকের

কেরলে গিয়ে মৃত্যু ময়নাগুড়ির শ্রমিকের
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: সংসার যেন ভালোভাবে চলে। ছেলের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। পাশাপাশি বাড়িঘর যেন ভালোভাবে গড়ে তোলা যায়, এই লক্ষ্য নিয়ে কেরলে পাড়ি দিয়েছিলেন ময়নাগুড়ি এক নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা।  হঠাৎ একটি খবরে যেন মাথায় বাজ পড়ল সেই পরিবারের। কেরলে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হল সেই ব্যক্তির। মৃতুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা। 

Advertisement

মৃতের নাম সুমন দত্ত (৪৫)। এক নম্বর ওয়ার্ডের পেটকাটিতে তাঁর বাড়ি। এদিকে বাবার মৃত্যুতে দিশেহারা অবস্থা একমাত্র ছেলে সঞ্জয়ের। কীভাবে মাকে সান্ত্বনা দেবে, বুঝে উঠতে পারছে না। বুধবার সুমন দত্তের মৃতদেহ রাতে বাড়ি এসে পৌঁছবে। এদিকে সমগ্র এলাকা যেন শোকোস্তব্ধ। প্রতিবেশীদের চোখেও জল। শেষবারের মতো সুমন দত্তকে দেখতে সকাল থেকেই ভিড় তাদের বাড়ির সামনে। 
এলাকায় ভালো, কর্মঠ ছেলে হিসেবে পরিচিত সুমন। একসময় ময়নাগুড়িতে রংয়ের কাজ করতেন। পরবর্তীতে নানা রাজ্যে কাজ করেছেন। ভালো টাকা পাওয়া যাবে, সেই আশায় তিনি রংয়ের কাজ করতে কেরলে গিয়েছিলেন। ছয় মাস আগে তিনি বাড়িতে এসেছিলেন। নতুন ঘর তৈরিতে হাত দেন। ফের ফিরে গিয়েছিলেন কাজে। সংসারের জন্য টাকা পাঠাচ্ছিলেন। মঙ্গলবার খবর আসে একটি বিল্ডিং থেকে কাজ করার সময় তিনি পড়ে গিয়েছেন। রবিবার খবর আসে তিনি মারা গিয়েছেন।
মৃতের বাবা নিতাই দত্ত বলেন, আমার বড় ছেলের এরকম মৃত্যু মেনে নিতে পারছি না। ভালোভাবে সংসার চলুক সে কারণেই সে বাইরে কাজে গিয়েছিল। নতুন একটি ঘর তৈরিতে হাত লাগিয়েছিল সে। ওর স্বপ্ন সব শেষ হয়ে গেল। 
মৃতের ছেলে সঞ্জয় বলে, বাবা নেই, মেনে নিতে পারছি না। কিভাবে আমাদের সংসার চলবে বুঝতে পারছি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ