Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পথশ্রী-রাস্তাশ্রী ৪ প্রকল্পের কাজ থমকে রয়েছে উদয়নারায়ণপুরে

পূর্বতন রাজ্য সরকারের আমলে রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্প শুরু হয়েছিল।

পথশ্রী-রাস্তাশ্রী ৪ প্রকল্পের কাজ থমকে রয়েছে উদয়নারায়ণপুরে
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পূর্বতন রাজ্য সরকারের আমলে রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্প শুরু হয়েছিল। এই প্রকল্পে উদয়নারায়ণপুরের কানুপাট মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে। কিন্তু এরপর ৬ মাস কেটে গেলেও এখনও সেই রাস্তার কাজের সিকিভাগও শেষ হয়নি। ফলে মানুষের দুর্ভোগও কমেনি। যদিও রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার দাবি, বর্ষার পরে দ্রুত রাস্তার কাজ শেষ করা হবে।

Advertisement

রাস্তাশ্রী প্রকল্পে নারায়ণচক গ্রামের সমীর ছরির বাড়ি থেকে জয়নগর মেন রোড পর্যন্ত একটি ঢালাই রাস্তার উদ্যোগ নেওয়া হয়। ১.৪ কিলোমিটার দীর্ঘ এই ঢালাই রাস্তার জন্য ব্যয় ধরা হয় ৯০.৯৭ লক্ষ টাকা। সেই মতো প্রাথমিক পর্যায়ে জেসিবি দিয়ে মাটি সমান করা হয়। পাশাপাশি কিছুটা ইটও পাতা হয়। কিন্তু তারপর থেকে কাজ পুরোপুরি বন্ধ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই রাস্তাটি তৈরি হলে ৮/১০টি গ্রামের মানুষ উপকৃত হবে। এছাড়াও জমি থেকে ফসল নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। তাঁদের বক্তব্য, এখন বর্ষা নেমে গিয়েছে। ফলে এখন আর রাস্তা হবে না। সমস্যা থেকেই গেল।
স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ কাঁড়ার বলেন, আমরা প্রশাসনের কাছে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছি। আর কানুপাট মনসুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসুরা বেগম বলেন, কাজ শুরু হওয়ার পর নির্বাচন এসে যাওয়ায় কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তবে কেন এখনও কাজ বন্ধ আছে, সেটা খোঁজ নিয়ে দেখা হবে। আর রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার পক্ষে শ্রীকান্ত পাত্র বলেন, রাজ্য পালাবদলের পর টাকা পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল। সেই সমস্যা মিটে গিয়েছে। কিন্তু বর্ষা এসে গিয়েছে। সেই কারণে বর্ষার পরেই রাস্তার কাজ ফের শুরু হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ