Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিষেবা উন্নত করতে চাঁচলে বিদ্যুতের কেবল লাগানোর কাজ চলছে জোরকদমে

মালদহের চাঁচল মহকুমাজুড়ে জোরকদমে চলছে বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণের কাজ

পরিষেবা উন্নত করতে চাঁচলে বিদ্যুতের কেবল লাগানোর কাজ চলছে জোরকদমে
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল মহকুমাজুড়ে জোরকদমে চলছে বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণের কাজ। বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে বিভিন্ন এলাকায় ইনসুলেটেড কেবল লাগানো হচ্ছে। এতে ঝড়, বৃষ্টির সময় বিদ্যুৎ বিভ্রাট কমার পাশাপাশি হুকিং আটকানো যাবে বলে বিদ্যুৎ দপ্তরের দাবি। দপ্তর সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমায় বর্তমানে ৭টি সাপ্লাই স্টেশন ও ৯টি সাব স্টেশন রয়েছে। এর সঙ্গে নতুন চারটি সাব স্টেশন তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাগুরা, লাতাশি, মালিওর ও স্বরূপগঞ্জে সাবস্টেশনগুলি করা হবে বলে দপ্তর জানিয়েছে। 

Advertisement

গরম পড়লেই চাঁচল ও রতুয়া সহ বিভিন্ন প্রান্তে লো ভোল্টেজের সমস্যা দেখা দিত। এর মোকাবিলায় বিভিন্ন এলাকায় নতুন ট্রান্সফরমার বসিয়েছে বিদ্যুৎ দপ্তর। সিহিপুর, বারোগাছিয়া, দক্ষিণপাড়া, নয়াটোলা, আশ্রমপাড়া, ভারতীনগর, কলিগ্রাম ও পাহাড়পুর সহ মহকুমার বিভিন্ন এলাকায় নতুন ট্রান্সফরমার বসানোয় লো ভোল্টেজের সমস্যা মিটেছে। কলিগ্রামের বেলাল আলি বলেন, আগে ছাদের উপর দিয়ে যাওয়া তার ঝুলে থাকত। এখন কেবল লাগানোর পর সেই ঝুঁকি আর নেই। লো ভোল্টেজও হচ্ছে না। আশ্রমপাড়ার অঙ্কুর দাসের কথায়, আগে গরম পড়লে রাতে বিদ্যুৎ না থাকায় সমস্যা হতো। ট্রান্সফরমার বসানোর পর এখন সেই সমস্যা নেই।
বিদ্যুৎ দপ্তরের উত্তর মালদহ ডিভিশনাল ম্যানেজার শঙ্খদীপ ভট্টাচার্য বলেন, মহকুমার সদর ও গ্রামাঞ্চলে কেবল কেবল লাগানোর কাজ ৪০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। প্রথমে কাজ শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে। 
বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, ২০২৬ সালের মধ্যে মহকুমায় ১০০ শতাংশ এলাকায় কেবল লাগানোর কাজ সম্পূর্ণ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ