Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বর্তমান’-এর খবরের জের, বিদ্যুতের খুঁটি না সরিয়েই নালা সংযুক্তিকরণের কাজ শুরু

‘বর্তমান’-এর খবরের জের, বিদ্যুতের খুঁটি না সরিয়েই নালা সংযুক্তিকরণের কাজ শুরু
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অবশেষে আরামবাগ শহরের বসন্তপুর এলাকায় ড্রেনের কাজ করছে পুরসভা। যদিও ড্রেন তৈরিতে বিদ্যুতের খুঁটি সরাতে হয়নি। ফলে কাজে দীর্ঘসুত্রিতা নিয়েও প্রশ্ন উঠেছে। আরামবাগ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে সূর্যসেন পল্লি এলাকায় একটি নিকাশি নালার কাজ শুরু হয়। তালতলা বাজার থেকে বসন্তপুর মোড় পর্যন্ত রাস্তায় ভূগর্ভস্থ হাই ড্রেন রয়েছে। সূর্যসেন পল্লিতে গলির থেকে বেরিয়ে আসা নির্মীয়মাণ ওই নিকাশি নালা ভূগর্ভস্থ ড্রেনের সঙ্গে সংযুক্ত করানোর প্রকল্প নেওয়া হয়। কিন্তু বিদ্যুতের খুঁটি সরাতে দেরি হওয়ায় ড্রেনের কাজ থমকে ছিল বলে অভিযোগ করে পুরসভা। নির্মীয়মাণ ড্রেনের একাংশ খোলা অবস্থাতেই পড়েছিল। তরফলে গলির মধ্যে ওই রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তার সঙ্গে তা ঝুঁকিপূর্ণও হয়ে যায়। পথচারীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা ছিল। বর্তমান পত্রিকায় সেই সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশের পরপরই  বিদ্যুৎ দপ্তর খুঁটি সরানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করে। বিদ্যুৎ দপ্তর জানায়, কয়েকটি খুঁটি সরানোর প্রয়োজন রয়েছে ওই রাস্তার উপরে। সেইমতো কোটেশন পাঠানো হয় পুরসভার কাছে। কিন্তু তারজন্য প্রয়োজনীয় অর্থ এখনও জমা করেনি পুরসভা। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, বিদ্যুতের খুঁটি সরাতে লক্ষাধিক টাকা ধার্য করে বিদ্যুৎ বন্টন সংস্থা। পুরসভা ওই খরচ করতে অসমর্থ। তাই নির্দিষ্ট পরিকল্পনা করে ড্রেনের কাজ করা হচ্ছে। তাতে কোনও অসুবিধা হবে না। 

Advertisement

৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রামপ্রসাদ দলুই বলেন, স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা ভেবে ড্রেনের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারপর সেটিকে ভূগর্ভস্থ হাই ড্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে। বিদ্যুতের খুঁটি সরানোর প্রয়োজন হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরসভা ও বিদ্যুৎ দপ্তরের সমন্বয়ের ওভাবে গত প্রায় তিন-চার মাস ধরে ড্রেনের কাজ থমকে ছিল। তার ফলে ড্রেনের সেই অংশ কার্যত মরণফাঁদের চেহারা নেয়। এক পথচারী পড়ে গিয়ে জখমও হন। তাই ড্রেনের কাজ সম্পূর্ণ করার দাবি জানানো হয়। এখন সেখানে কাজ চলছে। তারজন্য রাস্তা বন্ধ করে বোর্ড লাগিয়েছে পুরসভা। দ্রুত কাজ শেষ হলে ভালো হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্ষার আগে ড্রেনের সংযোগ করার পাশাপাশি রাস্তাটিও পরিষ্কার করা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ