সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ব্লকের মহিশুড়া পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার মাটির রাস্তা পাকা করার কাজ শুরু হল। এই বাইপাস রাস্তাটি নদীয়া ও বর্ধমানের সঙ্গে অন্যতম যোগাযোগকারী। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে এই ১.১ কিমি রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। মহিশুড়া রেলব্রিজের কাছ থেকে কালীনগর মুড়িগঙ্গা পর্যন্ত রাস্তাটি তৈরির কাজ পুরোদমে চলছে। রাস্তার কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি মহিশুড়ার কালীনগর মাঠপাড়া, ঘোষপাড়া, খড়ের মাঠ, মহিশুড়া উত্তরপাড়া সহ আশপাশের গ্রামের বাসিন্দারা।
নদীয়া জেলা পরিষদের উদ্যোগে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে ১.১ কিমি লম্বা ও তিন মিটার চওড়া ঢালাই রাস্তাটি তৈরি করতে প্রায় ৬৪ লক্ষ টাকা খরচ হচ্ছে। এতদিন মহিশুড়া পঞ্চায়েতের ঘোষপাড়া, খড়ের মাঠ এবং উত্তর মহিশুড়া অঞ্চলের বাসিন্দাদের পঞ্চায়েত অফিস বা পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নিমতলা বাজার, কৃষক মান্ডি ঘুরপথে যেতে হত। রাস্তাটি তৈরি হলে এইসব এলাকার বাসিন্দারা কম সময়ে পঞ্চায়েত অফিস, নিমতলা বাজার ও কৃষক মান্ডি এবং হেমায়েতপুর এলাকায় পৌঁছাতে পারবেন। এই ঢালাই রাস্তা দিয়ে এলাকার চাষিরা জমির উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে পারবেন। দীর্ঘদিন ধরে মাটির রাস্তাটির অধিকাংশ জায়গায় বড়ো বড়ো গর্ত তৈরি হয়েছে। তাছাড়া, রাস্তার কিছু জায়গায় ঘেঁষ পড়ে থাকায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসীদের। বর্ষার সময় সমস্যা আরও বাড়ত। এবার রাস্তাটি ঢালাই হতে চলেছে। রাস্তার কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কয়েকশো চাষি উপকৃত হবেন।
মহিশুড়ার কালীনগর মাঠপাড়ার বাসিন্দা ময়না মণ্ডল বলেন, এই এলাকায় প্রায় ৪০টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে এখানে রাস্তা করার পরিকল্পনা ছিল। এখন মহিশুড়া কবরস্থান থেকে কালীনগর মুড়িগঙ্গা পর্যন্ত পাকা রাস্তা হচ্ছে। আমরা নদীয়ায় থাকলেও আমাদের পূর্ব বর্ধমানের চাঁপাহাটি নিমতলা হয়ে ঘুরপথে নবদ্বীপে যেতে হত। এখন সরাসরি এই বাইপাস রাস্তা দিয়ে নবদ্বীপে যেতে পারব। এই গ্রামের ভিতরে একটি বড়ো মন্দির আছে। ভক্তরাও ঠিকমতো মন্দিরে আসতে পারবেন। অপর এক বাসিন্দা গোপাল মণ্ডল বলেন, এই রাস্তাটা মহিশুড়া কবরস্থানের কাছ থেকে নীচু চাঁপাহাটি হয়ে কালনা-কাটোয়া এসটিকেকে রোডে গিয়ে মিশবে। আমাদের নীচু চাঁপাহাটি নিমতলা, হেমায়েতপুর হয়ে পাঁচ কিলোমিটার পথ ঘুরে নবদ্বীপে যেতে হত। এই নতুন রাস্তা দিয়ে দেড়-দু’ কিলোমিটারের মধ্যে নবদ্বীপ পৌঁছাতে পারব। মহিশুড়া পঞ্চায়েতের বাসিন্দা রফিক শেখ বলেন, জমির পাশ দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছে। ফলে এই রাস্তা দিয়ে জমির ফসল বিভিন্ন বাজারে নিয়ে যেতে পারব।মহিশুড়া পঞ্চায়েতের বাসিন্দা তথা জেলা পরিষদের সদস্যা তৃণমূলের আরজুবানু খাতুন বলেন, নদীয়া জেলা পরিষদের উদ্যোগে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে প্রায় ৬৪ লক্ষ টাকা খরচে রাস্তাটির কাজ শুরু হয়েছে। রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে জানিয়েছিলাম। অবশেষে পাকা রাস্তা তৈরি হওয়ায় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। -নিজস্ব চিত্র