‘বাংলার বাঘিনী’-কে বাংলায় ফেরত আনার উদ্যোগ
  • ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:৪০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বাঘিনীকে বক্সার জঙ্গলে ফিরিয়ে আনার উদ্যোগ নিল রাজ্য সরকার। অসম বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বললেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ। চলতি মাসেই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বাংলায় আনা হয়েছিল। এরপর ওই বাঘিনীটিকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ২০ দিনও থাকেনি বক্সার জঙ্গলে। পরে জানা যায় বাঘিনীটি অসমের জঙ্গলে চলে গিয়েছে। বক্সার জঙ্গলের পূর্ব দিকে সংকোশ নদী পেরিয়ে অসমের রায়মোনা জঙ্গলের দিকে চলে যায়। তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই বাঘিনীর। দীর্ঘ ৪৩ ঘন্টা অর্ন্তধানের পর রেডিও কলারের সংকেতের মাধ্যমে অবশেষে তাকে খুঁজে পাওয়া যায়। জানা যায়, রায়মোনা জঙ্গল থেকে সাত কিলোমিটার দূরে নারায়নপুর বনবস্তিতে সে অবস্থান করছে।

Advertisement

আজ অসমের কচুগাঁও ফরেস্ট ডিভিশন অফিসে অসমের বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ ওঁরাও। তিনি জানান, ‘দুই রাজ্যের সম্মতিতেই  বক্সায় বাঘিনীকে ফিরিয়ে আনা হবে। এর জন্য ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির অনুমতি চাওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই  বাঘিনীকে ধরার জন্য ঘুমপাড়ানি গুলিতে তাকে কাবু করতে হবে। তারপরই ফের বক্সায় তাকে ছাড়া হবে। আগের মতোই এনক্লোজারেও রাখা হবে।’