সংবাদদাতা, খড়্গপুর: জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার খড়্গপুরের জমি মাফিয়া ভুট্টো খান ওরফে সামজাদ আলি খান। শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক ব্যক্তির জমি বেআইনিভাবে নিজের নামে নথিভুক্ত করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা সরকারি জমি-জালিয়াতি কান্ডে ধৃত সুজয় হাজরার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও অভিযোগ। সম্প্রতি খড়্গপুর গ্রামীণের এক মহিলা ভুট্টোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দায়ের করেন। তারপরই শুক্রবার অভিযান চালিয়ে খড়্গপুরের পাঁচবেড়িয়ার বাসিন্দা ভুট্টো খানকে গ্রেপ্তার করে পুলিশ। এই জালিয়াতির ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের (বিএলআরও) কোনও আধিকারিক যুক্ত রয়েছেন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।



