Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গার্হস্থ্য হিংসা সম্পর্কে সচেতন করতে কলেজে মহিলা কমিশন

গার্হস্থ্য হিংসা সম্পর্কে সচেতন করতে কলেজে মহিলা কমিশন
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গার্হস্থ্য হিংসা নিয়ে সচেতন করতে এবার কলেজে পৌঁছে গেল রাজ্য মহিলা কমিশন। বৃহস্পতিবার জলপাইগুড়ির পি ডি উইমেন্স কলেজে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন কমিশনের সদস্যরা। তাঁরা কলেজের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেন। কোনওভাবে কেউ গার্হস্থ্য হিংসার শিকার হলে কোথায়, কীভাবে অভিযোগ জানাতে হবে, সে সম্পর্কে এদিন সচেতন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন। বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামগুলিতেও যাওয়ার কথা রয়েছে তাঁদের। 

Advertisement

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, মহিলাদের মাথার উপর ছাতার মতো রয়েছে রাজ্য মহিলা কমিশন। যে কোনও সমস্যায় তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইলে একটা মেসেজ করে দিলেই সেই মহিলার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা। বিপদের হাত থেকে তাঁকে উদ্ধার করা হয়। কমিশনের চেয়ারপার্সন বলেন, গার্হস্থ্য হিংসার অনেক ধরন আছে। অনেক মেয়ে হয়তো বুঝতেই পারে না যে সে গার্হস্থ্য হিংসার শিকার কি না। কিংবা হয়তো তার সঙ্গে কোনও ঘটনা ঘটলেও কোথায় কীভাবে অভিযোগ জানাতে হয়, সেটা জানা না থাকায় চুপ করে থাকে। এসব নিয়েই আমরা এদিন কলেজের মেয়েদের সচেতন করেছি। নিজের পরিচয় গোপন রেখেও কীভাবে অভিযোগ জানানো যায়, ওয়ান স্টপ সেন্টার কী সবটাই জানানো হয়েছে মেয়েদের। 
কলেজের অধ্যক্ষ সমাপ্তি সাহা বলেন, রাজ্য মহিলা কমিশন এ ধরনের একটি বিষয় সম্পর্কে মেয়েদের সচেতন করতে আমাদের কলেজ বেছে নেওয়ায় আমরা খুশি। হয়তো ছাত্রীদের নিজেদের পরিবারে কোনও ঘটনা ঘটছে না, কিন্তু চোখের সামনে তারা অন্য পরিবারে কোনও ঘটনা ঘটতে দেখছে। সেক্ষেত্রে সচেতন নাগরিক হিসেবে সেই গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে মেয়েরা। এটা খুবই ভালো দিক। কমিশনের চেয়ারপার্সন বলেন, এদিন কলেজ ছাত্রীরা প্রথমে মুখ খুলতে না চাইলেও পরে তারা অনেক বিষয় শেয়ার করেছে। মেয়েরা মুখ খুলছে, এটাই সবচেয়ে উল্লেখযোগ্য।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ