Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তিন জেলায় ব্লক ও পঞ্চায়েত অফিসে মহিলাদের বিক্ষোভ

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে হাওড়া ও ২৪ পরগনায় মহিলাদের বিক্ষোভ অব্যাহত। দাবি, দ্রুত টাকা প্রদান করা হোক। বিস্তারিত পড়ুন।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তিন জেলায় ব্লক ও পঞ্চায়েত অফিসে মহিলাদের বিক্ষোভ
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার হাওড়া ও দুই ২৪ পরগনার বিভিন্ন ব্লক অফিস ও পঞ্চায়েতে বিক্ষোভ দেখান মহিলারা। দুপুরে ডোমজুড়ের কলোড়া-২ পঞ্চায়েত অফিসে বিক্ষোভে শামিল হন শতাধিক মহিলা। পঞ্চায়েত অফিসের গেট বন্ধ করে দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ দেখান তাঁরা। ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, জুন মাসে তাঁরা অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি পঞ্চায়েতে জমা দিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েত সেই আবেদন পোর্টালে আপলোড করেনি। ফলে ১ জুলাই তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বিজেপি নেতৃত্বের দাবি, বেছে বেছে তৃণমূল সমর্থকদের আবেদন আপলোড করা হয়েছে, অন্যদের আবেদন আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ। অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েতের সহায়ক অহনা চট্টোপাধ্যায় জানান, সমস্ত আবেদন এন্ট্রি করে বিডিও অফিসে পাঠানো হয়েছে। যাঁদের নথিতে কোনো সমস্যা নেই, তাঁরা ১৫ জুলাইয়ের মধ্যে টাকা পাবেন। যাঁদের আবেদনে ত্রুটি রয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর তা ব্লক অফিসে পাঠানো হবে।
এদিন বিক্ষোভ চলে উলুবেড়িয়াতেও। মহিলাদের দাবি, অফলাইন ও অনলাইন—দুভাবেই আবেদন করা হলেও তাঁরা টাকা পাননি। ঘুরতে হয়েছে পঞ্চায়েত ও ব্লক অফিসে। মেলেনি সমাধান। শতাধিক মহিলা শ্যামপুর ২ নং ব্লক অফিসে বিক্ষোভ দেখান। অনেকের বক্তব্য, গত মাসের ৩/৪ তারিখে ফর্ম ফিলাপ করেও টাকা পাওয়া যাচ্ছে না। অথচ তারপরে ফর্ম ফিলাপ করে টাকা পেয়েছেন অনেকে। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভকারী মহিলারা শান্ত হন। ব্লক প্রশাসন সূত্রে খবর, অনেকেই টাকা পেয়েছেন। কয়েকজন পাননি। তাঁরাও যাতে দ্রুত টাকা পান সেটা দেখা হচ্ছে।
টাকা না পাওয়ায় নামখানা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বিডিও অফিসের সামনে প্রায় শতাধিক মহিলা জড়ো হন। এরপরই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। শীঘ্র যোগ্যদের নাম নথিভুক্ত করে তিন মাসের বকেয়া টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।       টাকা না পেয়ে একাধিক মহিলা বনগাঁ বিডিও অফিসের সামনে বিক্ষোভ করেন। বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, যাঁদের প্রয়োজন, তাঁদের টাকা ঢোকেনি। বাগদা ও গোপালনগরে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখান মহিলারা। দুপুরে বাগদা পঞ্চায়েতের সামনে ও বাগদা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। গোপালনগরের আকাইপুর পঞ্চায়েতের সামনেও জড়ো হন বহু মহিলা।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ