Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশু হাসপাতালে দুর্নীতি ও শ্লীলতাহানির অভিযোগে কর্মীকে জুতোপেটা মহিলাদের

রেড ক্রসের উদ্যোগে পরিচালিত হাওড়ার বঙ্গবাসী মোড়ের একটি শিশু হাসপাতালে দুর্নীতি ও শ্লীলতাহানির অভিযোগ।

শিশু হাসপাতালে দুর্নীতি ও শ্লীলতাহানির অভিযোগে কর্মীকে জুতোপেটা মহিলাদের
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রেড ক্রসের উদ্যোগে পরিচালিত হাওড়ার বঙ্গবাসী মোড়ের একটি শিশু হাসপাতালে দুর্নীতি ও শ্লীলতাহানির অভিযোগ। বিষয়টি নিয়ে মঙ্গলবার শোরগোল পড়ে। এনিয়ে হাসপাতালেরই এক পুরুষকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান তিন মহিলাকর্মী। অভিযুক্ত কর্মীকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি এক মহিলা কর্মী জুতো খুলেও মারধর করেন। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

অভিযুক্ত প্রসেনজিৎ হাজরা মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের ঘনিষ্ঠ বলেই দাবি করেছেন বিক্ষোভকারী কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালের বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কাজে অনিয়ম চলছিল। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই কর্মী হাসপাতালের একাধিক কাজে বেনিয়ম করেছেন বলেও দাবি তোলা হয়। বিক্ষোভে শামিল মন্দিরা চক্রবর্তী নামে এক মহিলা কর্মীর অভিযোগ, হাসপাতালের বিভিন্ন হিসাব সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুললেই অভিযুক্ত কর্মী অসৌজন্যমূলক আচরণ করতেন। এমনকি মহিলা কর্মীদের শ্লীলতাহানির চেষ্টাও করেছেন বলে অভিযোগ। এদিন সেই ক্ষোভ থেকেই তাঁরা প্রতিবাদে সরব হন বলে দাবি। হাসপাতালের ভিতরে হট্টগোল শুরু হতেই কর্মী ও স্থানীয়দের ভিড় জমে যায়।
মহিলা কর্মীদের আরও অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। সরকারি নিয়ম মেনে পরিষেবা দেওয়া হচ্ছে না বলেও তাঁদের দাবি। রেড ক্রসের নাম ব্যবহার করে বিভিন্ন খাতে আর্থিক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। উল্লেখ্য, কয়েক বছর আগে এই শিশু হাসপাতাল তৈরির জন্য বিধায়ক তহবিল থেকে আর্থিক সহায়তা করেছিলেন তৃণমূল বিধায়ক অরূপ রায়।

সম্পর্কিত সংবাদ