Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে পিচ রাস্তার দাবিতে বাঁশের ব্যারিকেড ফেলে মহিলাদের অবরোধ

ঝাড়গ্রাম ব্লকের জামবেদিয়া গ্ৰামের মহিলারা পিচ রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন।‌ সোমবার দুপুরে গ্ৰাম সংলগ্ন রাস্তায় বাঁশের ব্যারিকেড ফেলে চলে বিক্ষোভ।

ঝাড়গ্রামে পিচ রাস্তার দাবিতে বাঁশের ব্যারিকেড ফেলে মহিলাদের অবরোধ
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম ব্লকের জামবেদিয়া গ্ৰামের মহিলারা পিচ রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন।‌ সোমবার দুপুরে গ্ৰাম সংলগ্ন রাস্তায় বাঁশের ব্যারিকেড ফেলে চলে বিক্ষোভ। অবরোধের খবর পেয়ে পঞ্চায়েত সমিতির সদস্যরা চলে আসেন। রাস্তা সংস্কারের আশ্বাস দিলে শেষমেশ অবরোধ উঠে যায়। 

Advertisement

ঝাড়গ্রামের বাঁধগড়া পঞ্চায়েতের জামবেদিয়া ছোট গ্ৰাম। জামবেদিয়া থেকে বাঁশতলা স্টেশন পর্যন্ত রাস্তাটি মোড়াম ও মাটির। কিন্তু বৃষ্টি ও নালার জলে ওই রাস্তা যাতায়াতের অযোগ্য। জলকাদায় ভরা রাস্তায় যাতায়াত করতে গিয়ে অনেকেই পড়ে জখম হচ্ছেন। পরিস্থিতি যা তাতে গ্ৰামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকছে না। গ্ৰামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে রাস্তা সংস্কারের জন্য লিখিত আবেদন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আবেদন গ্ৰহণ করেননি। গ্ৰামবাসীরা এরপরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন। 
গ্ৰামের বাসিন্দা রীনা মাহাত বলেন, এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। জল, কাদা পেরিয়ে আমাদের যাতায়াত করতে হয়। পড়ে গিয়ে অনেকের হাত, পা ভাঙছে। গ্ৰামের ছেলেরা বাইক নিয়ে যাতায়াতের সময় পড়ে গিয়ে জখম হচ্ছেন। রবিবার ওই রাস্তা নিয়ে গ্ৰামের দু’শো মহিলা বৈঠক করেছিলাম। পঞ্চায়েতে গেলে প্রধান আবেদনের কপি ফিরিয়ে দিলেন। বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আমরা বিক্ষোভ দেখিয়েছি। ওই রাস্তা পিচের করতে হবে। ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা বলেন, অবরোধের খবর পেয়েই গ্ৰামে যাই। প্রধানমন্ত্রী গ্ৰামীণ সড়ক যোজনায় রাস্তা সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছিল। সমীক্ষাও হয়। একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় নালার জমা জল রাস্তায় উপচে পড়ছে। প্রাথমিক সংস্কারের কাজ করে দেওয়া হবে। তবে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষে দুই কিমি রাস্তা করা সম্ভব নয়। জেলা পরিষদকে জানানো হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ