নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি ক্রমে দুষ্কৃতীদের ডেরা হয়ে উঠেছে। কখনও বাড়ি, কখনও মন্দিরেও চুরির ঘটনা ঘটছে। আবার কখনও মাদক পাচারের মূল ঠিকানা হয়ে উঠেছে বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকা। বারবার দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে চলার যে অভিযোগ উঠেছে তা যে একেবারই ভুল নয়, তা ফের প্রমাণিত হল শনিবার রাতের ঘটনায়। ওই রাতে ফুলবাড়িতে মহিলার সোনার চেন ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির রাজীবনগর এলাকায়।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় শাসকদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বাসনা সাহা নামের ওই মহিলা ফুলবাড়িতে বাজার করে বাড়ি ফিরছিলেন। সেসময় আচমকাই এক যুবক পিছন থেকে এসে তাঁর গলার সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়। মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তিনি নিজেও দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন। কিন্তু ওই যুবক দ্রুত অপর এক যুবকের সঙ্গে বাইকে চেপে পালিয়ে যাওয়ায় তখনকার মতো আর ধরা যায়নি। এই ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি(পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
বাসনা সাহা বলেন, বাড়ির সামনে রাস্তা দিয়ে আসছিলাম। তখন আচমকাই একটা শব্দ শুনে পিছনে তাকাতেই এক যুবক আমার গলার চেন ছিনিয়ে পালিয়ে যায়। আমি চিৎকার করলেও বাইকে চেপে দু’জন দ্রুত পালিয়ে যায়।