Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলার সোনার চেন ছিনতাই, প্রধাননগরে পুলিসের জালে ২

শহর শিলিগুড়িতে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। একাধিক কুখ্যাত গ্যাংয়ের সদস্যরা এই ঘটনা ঘটাচ্ছে। বারবার পাকড়াও হওয়া সত্ত্বেও কিছুতেই যেন কমছে না এদের কর্মকাণ্ড।

মহিলার সোনার চেন ছিনতাই, প্রধাননগরে পুলিসের জালে ২
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর শিলিগুড়িতে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। একাধিক কুখ্যাত গ্যাংয়ের সদস্যরা এই ঘটনা ঘটাচ্ছে। বারবার পাকড়াও হওয়া সত্ত্বেও কিছুতেই যেন কমছে না এদের কর্মকাণ্ড। যা নিয়ে রীতিমতো চিন্তিত পুলিসের একাংশ। প্রধাননগর এলাকায় দু’জন ছিনতাইবাজকে গ্রেপ্তার করার পর এই অভিযোগের সত্যতা ফের প্রকাশ পেয়েছে।

Advertisement

মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন কলোনির এক গৃহবধূর গলার সোনার চেন ছিনতাই। গুরুং বস্তি এলাকায় ওই মহিলা বাজার করতে গিয়েছিলেন। সেই সময় দুই যুবক মোটরবাইকে করে এসে ওই মহিলার গলার চেন ছিনিয়ে পালিয়ে যায়। এরপর ওই মহিলা চিৎকার করলে ভিড় জমে যায় এলাকায়। পরে ওই মহিলা প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানান। সেইমতো প্রধাননগর থানার পুলিস তদন্তে নামে। ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসি ক্যামেরা ফুটেজ দেখা শুরু হয়। এরপর বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে চিহ্নিত করা হয় দুই ছিনতাইবাজকে। রাতেই শিলিগুড়ি জংশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই দুষ্কৃতীকে। তাদের সঙ্গে থাকা বাইকটি বাজেয়াপ্ত করা হয়।
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মুজিবুর রহমান এবং বিশ্বজিৎ চৌধুরী। তারা নিউ জলপাইগুড়ি থানা এলাকার অম্বিকানগরের বাসিন্দা। এদিন ধৃতদের আদালতে তুলে পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তাদের হেফাজত থেকে সোনার চেনটি উদ্ধার করা যায়নি। সেই চেন উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু কুখ্যাত গ্যাং জড়িত বলে আমরা জানতে পেরেছি। তবে আমাদের পুলিস সর্বদা সব জায়গায় সক্রিয়। তাই বারবার করে ছিনতাইবাজদের পাকড়াও করা সম্ভব হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ