Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাকা কথার পরও গড়িমসি, বচসার সময়ই শ্বাসরোধ করে খুন নার্গিসকে, চোপড়ায় প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের

পাকা কথার পর তিন লক্ষ টাকা নিয়েও বিয়ের আয়োজন করতে পাত্রপক্ষের টালবাহানা। এতে সামাজিক সম্মানহানি ঘটছিল নার্গিস পারভিনের। এনিয়ে বচসার সময় সম্ভবত গলা টিপে শ্বাসরোধ করে নার্গিসকে খুন করেন তাঁর হবু বর সুলতান।

পাকা কথার পরও গড়িমসি, বচসার সময়ই শ্বাসরোধ করে খুন নার্গিসকে, চোপড়ায় প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, চোপড়া: পাকা কথার পর তিন লক্ষ টাকা নিয়েও বিয়ের আয়োজন করতে পাত্রপক্ষের টালবাহানা। এতে সামাজিক সম্মানহানি ঘটছিল নার্গিস পারভিনের। এনিয়ে বচসার সময় সম্ভবত গলা টিপে শ্বাসরোধ করে নার্গিসকে খুন করেন তাঁর হবু বর সুলতান। চোপড়ায় যুবতী খুনের ঘটনার প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিসের। যদিও এ প্রসঙ্গে ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, বিস্তারিত তদন্ত বাকি। যুবতী খুনের ঘটনায় সবেমাত্র ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যুবতীকে কেন খুন হতে হল, সেই প্রশ্নের যথাযথ উত্তর খুঁজতে তদন্তকারীরাও সবরকম চেষ্টা করছেন। এখনই এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। তবে মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে নার্গিসকে। 

Advertisement

রবিবার মধ্যরাতে বালিয়াডাঙ্গি এলাকায় একটি চা বাগান থেকে নার্গিসের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লক্ষ্মীপুর এলাকায়। দফায় দফায় রাজ্য সড়ক অবরোধ, অভিযুক্তদের একজনের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা দেখা গিয়েছিল। এদিকে চোপড়া থানার পুলিস অভিযুক্ত সুলতান ও তাঁর বোনের স্বামী মজিবর রহমানকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। তাতেই প্রাথমিকভাবে কিছু তথ্য উঠে আসছে। সেই সঙ্গে খুনের কথা তদন্তকারীদের কাছে স্বীকার করে নিয়েছেন সুলতান। জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়েছে, কিছুদিন প্রেমের সম্পর্কের পর নার্গিসের সঙ্গে সুলতানের বিয়ে ঠিক হয়। ১৯ জুন বিয়ের তারিখ পাকা হয়েছিল। তারপরও সুলতানের পরিবারের তরফে নার্গিসকে বিয়ে করা নিয়ে টালবাহানা চলছিল। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ির জুগিভিটা গ্রামের যুবক সুলতানের সঙ্গে নার্গিসের প্রেম ছিল। এই সম্পর্কে দুই পরিবারের মধ্যে প্রথমে অমত ছিল। চলতি মাসের ৬ তারিখে দুই পরিবার বসে আগামী ১৯ তারিখ বিয়ের দিন ঠিক করে। অভিযোগ উঠেছে, সুলতানের পরিবার এই বিয়ের জন্য ১০ লক্ষ টাকা পণ দাবি করে। যা পরে সাত লক্ষ টাকা করা হয়।
নার্গিসের মা জ্যোত্স্নারা বেগম জানিয়েছেন, এই বিয়ের সমস্ত কিছু সুলতানের দিদি মরিয়ম ঠিক করেছিলেন। তাঁদের অগ্রিম বাবদ তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং বিয়ের পর বাকি চার লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। নার্গিসের দিদি অভিযোগ করেছেন, রবিবার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর নার্গিসকে জোর করে একটি অডিও রেকর্ডিং পাঠাতে বাধ্য করেন সুলতান। সেই রেকর্ডিংয়ে বলা হয়েছিল, নার্গিস রামগঞ্জ এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছেন এবং চিন্তা করার কিছু নেই। এই বিষয়টিও চোপড়া থানায় পুলিস খতিয়ে দেখছে।  শোকাহত মৃতার পরিবার। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ