Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঝরাতে গাড়িতে তুলে শ্লীলতাহানি, মারধর তরুণীকে! কসবার ঘটনায় ধৃত তিন অভিযুক্ত

কসবার নিউ বালিগঞ্জ রোডে জাহাজ বাড়ির সামনে থেকে এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

মাঝরাতে গাড়িতে তুলে শ্লীলতাহানি, মারধর তরুণীকে! কসবার ঘটনায় ধৃত তিন অভিযুক্ত
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবার নিউ বালিগঞ্জ রোডে জাহাজ বাড়ির সামনে থেকে এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নির্যাতিতার দাবি, বাড়ির সামনে থেকে গাড়িতে তোলার পর তাঁকে মারধর ও নির্যাতন করা হয়। পরে ইএম বাইপাসের পিছনে আনন্দপুরের উচ্ছেপোতায় গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুই যুবক। এক বন্ধুকে ফোন করে তাঁর গাড়িতে চড়ে রাত আড়াইটে নাগাদ বাড়িতে ফেরেন নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। শনিবার তিনি কসবা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অপহরণ, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় কেস রুজু করে তদন্ত শুরু করেছে। যে গাড়িতে তরুণীকে জোর করে তোলা হয়েছিল, সেটির খোঁজ মিলেছে। সোমবার রাতে গ্রেপ্তার করা হয় আকাশ সিং, রাহুল সাউ এবং আদিত্য গিরি নামে তিন অভিযুক্তকে। অধরা এক।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কসবার নিউ বালিগঞ্জ এলাকায় একটি আবাসনে থাকেন বছর কুড়ির ওই তরুণী। শুক্রবার তিনি মাসির বাড়িতে গিয়েছিলেন। ফিরতে অনেকটা রাত হয়ে যায়। রাত ১২.৩০ নাগাদ তিনি অ্যাপ ক্যাবে চেপে বাড়ির কাছেই নামেন। সেখানে দাঁড়িয়ে ফোন করছিলেন। নিগৃহীতার বাবা দাবি করেছেন, এই সময় মেয়ের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। তরুণীকে জোর করে গাড়িতে তুলে নেয় কয়েকজন যুবক। মেয়ে চিৎকার করলেও, কোনও লাভ হয়নি। তরুণী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, গাড়িটি চালাচ্ছিল আকাশ সিং নামে স্থানীয় এক যুবক। পিছনে বসে ছিল আরিয়ান সিং সহ আরও কয়েকজন। আরিয়ান বাদে অন্যদের তিনি চিনতেন না। সিটের মাঝখানে বসানো হয় তাঁকে। প্রথমে তাঁর গায়ে হাত দিতে যায় অভিযুক্তরা। বাধা দিলে চলন্ত গাড়িতে তাঁকে মারধর করা হয়। গাড়ির মধ্যেই তাঁর শ্লীলতাহানি করে আকাশ, আরিয়ান সহ অন্যরা। তিনি যাতে ফোন করতে না পারেন, সেজন্য গাড়িতে ওঠার পর মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল। রাত সাড়ে বারোটা থেকে আড়াইটে পর্যন্ত বাইপাসের বিভিন্ন জায়গায় ওই তরুণীকে ঘোরানো হয় বলে জানা গিয়েছে। তরুণীর দাবি, তারপর তাঁকে আনন্দপুর এলাকার উচ্ছেপোতার কাছে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুই যুবক। ফেলার আগে তাঁকে মোবাইল দিয়ে দেওয়া হয়েছিল। অতরাতে তিনি ফোন করেন এক বন্ধুকে। তিনি সেখানে গাড়ি নিয়ে পৌঁছে রাত আড়াইটে নাগাদ উদ্ধার করেন ওই তরুণীকে। নির্যাতিতা বাড়ি ফিরে সমস্ত ঘটনার কথা জানান মাকে। শনিবার তিনি লিখিত অভিযোগ করেন কসবা থানায়। তার ভিত্তিতে পুলিশ শ্লীলতাহানি, মারধর, অপহরণ সহ একাধিক ধারায় কেস রুজু করে। তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর পরনের জামাকাপড় বাজেয়াপ্ত করেছে পুলিশ। 
তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যাচ্ছে, ওই রাতে তরুণীকে গাড়িতে তোলা হচ্ছে। গাড়ির নম্বর হাতে এসেছে অফিসারদের। তদন্তকারীরা জেনেছেন, আকাশ ও আরিয়ান দুজনেই ওই তরুণীর পরিচিত। আগে কথাবার্তাও হত। তবে কিছুদিন ধরে তারা ওই তরুণীকে লাগাতার বিরক্ত করছিল বলে জানা যাচ্ছে। সেখান থেকেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Advertisement
সম্পর্কিত সংবাদ