গুয়াহাটি, ৩১ অক্টোবর: গন্তব্যে পৌঁছনোর আগেই হঠাৎ প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন এক মহিলা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভিতর। কিন্তু বিপদের সেই মুহূর্তে হাল না ছেড়ে মানবিকতার নজির গড়লেন সহযাত্রী ও বাসকর্মীরা। রাস্তার ধারে বাস থামিয়ে চাদর-কম্বলে ঘিরে তৈরি করা হল অস্থায়ী প্রসবকক্ষ। অ্যাম্বুল্যান্স পৌঁছনোর আগেই সেখানেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। ঘটনাটি ঘটে অসমের গুয়াহাটি থেকে ডিব্রুগড় যাওয়ার পথে। জানা গিয়েছে ওই মহিলা জাগিরোড থেকে ডিমৌরের দিকে যাচ্ছিলেন।
বাসচালক বাবুল বরপাত্র বলেন, ‘গুয়াহাটি থেকে ডিব্রুগড়ের দিকে বাসটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। ওই বাসেই মহিলা ও তাঁর পরিবারের সাত সদস্য জাগিরোড থেকে বাসে উঠেছিলেন। কিন্তু হঠাৎ মাঝরাস্তায় যাত্রীরা চিৎকার করে ওঠেন। জানান যে ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। তৎক্ষণাৎ কাজিরাঙ্গার কাছে বাসটি মাঝপথে থামিয়ে দেওয়া হয়। যাত্রীরা এক মুহুর্ত দেরী না করে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পুরুষ যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলা হয়। মহিলা সহযাত্রী এবং বাস কর্মীরা মিলে চাদর, কম্বল দিয়ে একটি অস্থায়ী ঘেরাটোপ তৈরি করে। অ্যাম্বুলন্সেও খবর দেওয়া হয়। কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছনোর আগেই শিশুটির জন্ম হয়। অ্যাম্বুলেন্স পৌঁছতেই মা ও সন্তানকে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’ উভয়ের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।



