নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রবিবার বেলা তিনটে নাগাদ হালিশহর সিদ্ধেশ্বরী গঙ্গার ঘাটে নেমে নিখোঁজ হয়ে যান এক মহিলা। অন্য একজন গঙ্গায় স্নান করতে এসে ঘাটে তাঁর জুতো, মোবাইল, চশমা এবং ব্যাগ দেখেন। তার মোবাইল বাজতে থাকায় সেই ব্যক্তি ফোনটা ধরেন। তিনি মোবাইল সহ সব কিছু পাশের কালী মন্দিরের পুরোহিতের কাছে জমা রাখেন। পরে পরিবারের লোকেরা এসে পুরোহিতের কাছ থেকে জানতে পারেন, ওই মহিলা গঙ্গাস্নান করতে নেমেছিলেন। খবর দেওয়া হয় পুলিসে। পুলিসের অনুমান, কোনওভাবে গঙ্গায় তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। সোমবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা গঙ্গায় তল্লাশিতে নামেন। কয়েক ঘণ্টা খোঁজার পরে এদিন দুপুরে নিখোঁজ ওই মহিলার দেহ উদ্ধার হয় নৈহাটি ছাইঘাট থেকে। মৃতের নাম অর্চনা দে (৪৯)। বাড়ি হালিশহর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নবনগর মেইন রোডে।



