সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনানে জাতীয় সড়কের উপর বাসের চাকা পিষে দিল স্কুটার আরোহী এক মহিলাকে। মৃতার নাম শামসাদ আখতার বেগম (৩৪)। বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ছাতিন্দায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মাদ্রাসার হস্টেল থেকে ছেলেকে আনতে তিনি ভাইয়ের স্কুটারের পিছনে বসে যাচ্ছিলেন। বাগনান থানার তামুলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাগনান থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিস সূত্রে খবর, মৃতার ছেলে জয়পুরের খালনায় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মৃতার ভাই শেখ হাসানুর ইসলাম বলেন, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ তামুলতলার কাছে কলকাতা অভিমুখী একটি সরকারি বাস তাঁর স্কুটারে ধাক্কা মারলে দিদি রাস্তায় ছিটকে পড়েন। তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। পুলিস বাসটিকে আটক করেছে।



