Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছিল মহিলার, ফেলে পালায় সঙ্গীরা

ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছিল মহিলার, ফেলে পালায় সঙ্গীরা
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেলঘরিয়ায় রেল লাইনের ধার থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে জিআরপি ও পুলিসের টানাপোড়েনের ছবি দেখেছিলেন এলাকাবাসী। অবশেষে মৃত মহিলার পরিচয় জানতে পারল পুলিস। মঙ্গলবার পুলিসের তরফে জানানো হয়েছে, তাঁর নাম আপুরা শিকারি (৫৫)। তাঁর বাড়ি হাড়োয়া থানার কুলতি লকগেট এলাকায়। ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা ঠিকাদারের অধীনে জলাশয়, নালা সাফাইয়ের কাজ করতেন। সোমবার সকালে ঠিকাদারের ভাড়া গাড়িতে করেই অন্যান্য শ্রমিকদের সঙ্গে বেলঘরিয়ায় কাজে এসেছিলেন। সকাল ১০টা নাগাদ স্থানীয়রা রেললাইন লাগোয়া খাল পাড়ের আবর্জনার স্তূপে অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন। দেহ উদ্ধারে প্রায় পাঁচ ঘণ্টা ধরে রেল পুলিস ও বেলঘরিয়া থানার মধ্যে টানাপোড়েন চলে। শেষে বেলঘরিয়া থানার পুলিস দেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, ওইদিন মালগাড়ির ধাক্কায় আপুরা ছিটকে গিয়েছিলেন। ঘটনাস্থলে থাকা অন্যান্য সাফাইকর্মীরা তাঁর পায়ে গামছা বেঁধে টেনে তোলার চেষ্টা করলেও পারেননি। শেষে তাঁরা ভয় পেয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান। সাফাইয়ের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা এই তথ্য পেয়েছেন। যদিও দেহ উদ্ধারে টানাপোড়েন নিয়ে পুলিস মুখ খুলতে নারাজ। 
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সেখানে মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথা ও দু’হাত জলের মধ্যে, দেহের বাকি অংশ পাড়ের দিকে ছিল। একটি পা মোড়া অবস্থায় জঞ্জালের মধ্যে ঢুকেছিল। আর একটি পা সোজা। তাতে গামছা বাঁধা। দেহে অন্তর্বাস ছাড়া কিছুই ছিল না। দেহটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত বেলঘরিয়া থানায় খবর দেন। এরপর খবর পৌঁছয় দমদম জিআরপির কাছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ