Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমার কিস্তি দিন, নয়া কৌশলে ৩২ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার মহিলা

বিমার কিস্তি দিন, নয়া কৌশলে ৩২ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার মহিলা
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমা সংস্থার কর্মী পরিচয় দিয়ে ফোন করেছিলেন এক মহিলা। বলেছিলেন, প্রিমিয়ামের দুই কিস্তির টাকা বকেয়া, ওই টাকা মিটিয়ে দিতে হবে। আর তা করতে গিয়েই ৩২ লক্ষ টাকা খোয়ালেন বিধাননগর পূর্ব থানা এলাকার এক বাসিন্দা। এই প্রতারণায় পুলিস অনন্যা সরকার নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে। তিনিই ফোন করে প্রিমিয়ামের টাকা মেটাতে বলেছিলেন। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

ঘটনাটি ঘটেছিল ফেব্রুয়ারি মাসে। অপরিচিত নম্বর থেকে ফোন পান বিধাননগর পূর্ব থানা এলাকার বাসিন্দা এক মহিলা। সম্প্রতি তিনি জীবন বিমার একটি পলিসি করেছিলেন। দু’টি প্রিমিয়ামের টাকা বকেয়া ছিল। ফোনের অপর প্রান্তে থাকা মহিলা নিজেকে সৃজা রায় বলে পরিচয় দিয়েছিলেন। তিনি বিমার পলিসি নম্বর ও প্রিমিয়ামের অঙ্ক হুবহু বলে দেওয়ায় বিশ্বাসযোগ্যতা বাড়ে ওই বাসিন্দার। এরপর অভিযুক্ত মহিলার দাবি মেনে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ও সিভিভি নম্বর শেয়ার করেন। এই তথ্য হাতে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাঁচ দফায় অভিযোগকারিণীর অ্যাকাউন্ট থেকে ৩১ লক্ষ ৩০ হাজার টাকা তুলে নেওয়া হয়। মহিলার ছেলে বিধাননগর পূর্ব থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। ফোনের রেকর্ড খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান মেলে। পুলিস জানতে পারে, খড়দহ থানার আগরপাড়া থেকে ফোনটি এসেছিল। বুধবার সেখানে হানা দেন তদন্তকারীরা। বাড়ি থেকেই সৃজা রায় ওরফে অনন্যা সরকারকে গ্রেপ্তার করে পুলিস।   
পাশাপাশি, প্রতারণার আরও দু’টি মামলার কিনারা করেছে বিধাননগর কমিশনারেট। মোট চারজনকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। পুলিস সূত্রের খবর, মোটা রিটার্নের লোভে পড়ে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা খোয়ান কৈখালির বাসিন্দা মিনহাজুদ্দিন মণ্ডল। বাগুইআটি থানা তদন্তে নেমে উত্তরপ্রদেশ থেকে শিবম কুমার, নীতিন এবং সুধীর কুমারকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার এক বাসিন্দাকে প্রতারণার অভিযোগে দীঘা থেকে পাকড়াও করা হয়েছে সমীর দাস নামের এক ব্যক্তিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ