নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই ব্যক্তি এক বছরের ব্যবধানে হোমিয়োপ্যাথি এবং অ্যালোপ্যাথি পাশ! কীভাবেই বা সম্ভব? বোসপুকুর রোডের বাসিন্দা সেই ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাঁর নাম একাধারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘কাউন্সিল অব হোমিয়োপ্যাথিক মেডিসিন’-এ নথিভুক্ত। আবার রাজ্য মেডিকেল কাউন্সিলেও নথিভুক্ত। একই ব্যক্তির দুই পৃথক চিকিৎসা পদ্ধতিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকা অস্বাভাবিক নয়। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হল, হোমিয়োপ্যাথিক কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত হয়েছে ২০০১ সালের ডিসেম্বর মাসে। এও লেখা রয়েছে, তিনি ডিএইচএম অর্থাৎ ডিপ্লোমা ইন হোমিয়োপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারির ডিগ্রিধারী। অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত হয়েছে ঠিক পরের বছর। ২০০২ সালের অক্টোবর মাসে। সেখানে দেখানো হয়েছে, ওই ব্যক্তি এমবিবিএস পাশ করেছেন। ২০০১ এবং ২০০২—মাত্র এক বছরের ব্যবধানে কীভাবে একই ব্যক্তি দুটি পেশাদারী ডাক্তারি ডিগ্রির অধিকারী হলেন? এই প্রশ্ন তুলে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের রাজ্য সম্পাদক ডাঃ রাজীব পাণ্ডে। তিনি বলেন, ‘দুই কাউন্সিলেই বিষয়টি অভিযোগ আকারে জানিয়েছি। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করা হয়েছে।’



