নয়াদিল্লি: শুল্কে প্রতিদ্বন্দ্বী দেশগুলির চেয়ে বাড়তি সুবিধা মেলার পরই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হবে। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পিযূষ গোয়েল। পাশাপাশি তিনি আরো জানিয়েছে কৃষি, মৎস্যচাষ, ক্ষুদ্র-মাঝারি শিল্পের মতো প্রতিটি ‘সংবেদনশীল’ সেক্টরেই ইতিবাচক চুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে।
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগস্ট মাসে ভারতের রপ্তানি বৃদ্ধি হয়েছে। পাশাপাশি এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতে ৭.৮ শতাংশ হারে জিডিপি বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে ‘এটি কোনো সাধারণ অর্জন নয়’।
দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরেই ট্রাম্পের শুল্কনীতির জেরে বারবার ধাক্কা খেয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য। গত ২ ফেব্রুয়ারি অন্তবর্তী বাণিজ্যচুক্তিতে সম্মত হওয়ার পর শুল্কের হার ৫০ শতাংশ থেকে নেমে এসেছিল ১৮ শতাংশে। ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট জানায়, শুল্ক নির্ধারণের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। তার জেরেই পিছিয়ে যায় দুই দেশের চূড়ান্ত সমঝোতা।