• ‘গদর’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন অভিনেত্রী আমিশা প্যাটেল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রিতে। ‘গদর ২’ মুক্তির পর পরিচালক অনিল শর্মার সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন আমিশা। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে না জানিয়েই পরিবর্তন করা হয়েছে ছবির ক্লাইম্যাক্স। সে কারণে ক্ষোভপ্রকাশ করেছিলেন নায়িকা। যদিও জবাবে অনিল জানান, ছবির প্রয়োজনে ওই দৃশ্যের পরিবর্তন প্রয়োজন ছিল। তাঁর দাবি, আমিশাকে সমস্তটা জানানো হয়েছিল। এই ঘটনার পর পরিচালক ও অভিনেত্রীর মধ্যে সম্পর্কে ছেদ পড়ে। সম্প্রতি পরিচালক জানিয়েছেন, ‘গদর ৩’ আসছে। সেখানে কি ফিরবেন আমিশা? এই প্রশ্নের জবাবে পরিচালক জানিয়েছেন, ‘আমার ও আমিশার মধ্যে সব সমস্যা মিটে গিয়েছে।’ যদিও এই ফ্র্যাঞ্চাইজিতে ফেরার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত চাপিয়েছেন আমিশা। তিনি জানিয়েছেন, তাঁকে না জানিয়ে যেন ছবিতে কোনও পরিবর্তন করা না হয়। পাশাপাশি তারা সিংয়ের (সানি দেওল অভিনীত চরিত্র) সঙ্গে তাঁর কেমিস্ট্রি গল্পের কেন্দ্রে থাকতে হবে বলেও শর্ত দিয়েছেন তিনি। শর্ত মেনে নেওয়া না হলে, তিনি ‘শাকিনা’ হিসেবে পর্দায় নাও ফিরতে পারেন বলে জানিয়েছেন আমিশা।



