পাটনা, ২১ জুন: শিয়রে ভোট বিহারে, সেই কারণেই কল্পতরু মোদি। বাজেটে বরাদ্দ বৃদ্ধি, একাধিক প্রকল্প সহ সবটাই বিহারের জন্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও বেশ কিছু রেলপ্রকল্পও ঘোষণা করা হয়েছে বিহারের কথা মাথাতে রেখেই। এর মাঝেই ভোটের আগে বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সামাজিক সুরক্ষার আওতায় বিধবা, বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করল বিহার সরকার। আজ, শনিবার তেমনটাই ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
তিনি জানিয়েছেন, এবার থেকে বিধবা, বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকরা মাসে ১১০০ টাকা করে ভাতা পাবেন। আগামী জুলাই মাস থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। এতদিন মাসে ৪০০ টাকা করে ভাতা পেতেন বিধবা, বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকরা। তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। নীতীশ কুমার জানিয়েছেন, জুলাই থেকেই প্রতি মাসের ১০ তারিখে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এই ভাতার টাকা। এর ফলে উপকৃত হবেন বিহারের ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২২৫ জন উপভোক্তা। এনডিএ-এ সরকারের গুরুত্বপূর্ণ শরিক হলেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁকে হাতে রাখতে সবরকম চেষ্টা করেই চলেছে মোদি-শাহ জুটি। চলতি বছরের ভোটে বিহারে ব্যাপক আসন পাওয়ার লক্ষ্য রয়েছে বিজেপির।
যদিও বিহারে বিধানসভার নির্বাচনে বিজেপি-জেডিইউ জোটকে জোর টক্কর দিতে চলেছে কংগ্রেস-আরজেডি জোট। এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। সেই কারণেই গুচ্ছ প্রকল্প দিয়েও স্বস্তিতে নেই এনডিএ শিবির। সেই কারণেই ভোটের কয়েকমাস আগে সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার, দাবি বিহারের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের।