নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার দিকে তাকানোর আগে বিজেপি নেতাদের ডবল ইঞ্জিনের শাসিত রাজ্যগুলির দিকে নজর দেওয়ার পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো বিজেপির কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতারা যখন ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন, তখন পালটা সুর আরও চড়া করলেন তৃণমূল সেনাপতি। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত শাহ বলছেন সোনার বাংলা তৈরি করবেন। তার আগে ওদের কাছে জিজ্ঞাসা, সোনার উত্তপ্রদেশ, সোনার মধ্যপ্রদেশ, সোনার ত্রিপুরা, সোনার বিহার, সোনার অসম গড়তে পেরেছেন? পাটনার প্রধান সড়ক বসে গিয়ে গাড়ি ধসে পড়ল। সেখানে কেন সোনার বিহার হল না? গুজরাত, মধ্যপ্রদেশে প্রতিদিন সেতু ভেঙে পড়ছে। সোনার ব্রিজ কেন তৈরি হয়নি সেখানে?



