আয়ুষ্মান খুরানার ‘ড্রিমগার্ল’ খ্যাত পরিচালক রাজ শাণ্ডিল্যর পরিচালনায় কাজ করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এ খবর আগেই জানা গিয়েছিল। কমেডি ঘরানার এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে কে থাকবেন, তা নিয়ে চর্চা চলছে বলি পাড়ায়। শোনা যাচ্ছে, অনন্যা পান্ডে ও শ্রীলীলা দু’জনের সঙ্গেই কথা বলছেন নির্মাতারা। তাঁদের মধ্যেই কেউ একজন থাকবেন সিদ্ধার্থের বিপরীতে। যদিও চূড়ান্ত নাম এখনও জানা যায়নি। সদ্য মুক্তি পেয়েছে অনন্যা অভিনীত ‘কেশরী ২’। এই ছবিতে একজকন আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে অনন্যাকে। তাঁর কাজ সর্বস্তরে প্রশংসিত। অন্যদিকে, ‘পুষ্পা ২’ ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে কাজ করেছেন শ্রীলীলা। এর মাধ্যমে সর্বভারতীয় স্তরের দর্শক তাঁকে চেনেন। পাশাপাশি অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ানের বিপরীতেও কাজ করছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে কার্তিকের প্রেমের গুঞ্জনও চলছে ইন্ডাস্ট্রিতে। ফলে বলিউডেও ধীরে ধীরে তাঁর পরিচিতি বাড়ছে। তাই রাজের পরিচালনায় সিদ্ধার্থের বিপরীতে কে চূড়ান্ত হন, তার দিকে তাকিয়ে বলি পাড়া। শীঘ্রই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে খবর।



