আগামী কাল ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্ব উদযাপনের দিন। প্রিয় বন্ধুর গল্প ভাগ করে নিলেন তিন অভিনেত্রী ইধিকা পাল, তৃণা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়।
আগামী কাল ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্ব উদযাপনের দিন। প্রিয় বন্ধুর গল্প ভাগ করে নিলেন তিন অভিনেত্রী ইধিকা পাল, তৃণা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়।
বন্ধুকে বিশ্বাস করে ঠকেছি
ইধিকা পাল
বন্ধুত্ব আমার কাছে খুব সহজ বিষয় নয়। বন্ধু এমন একজন যার কাছে আমি সহজেই মনের কথা কোনও আড়াল না রেখে বলতে পারি। হাসতে পারি, কাঁদতে পারি, আমার আমিটাকে প্রকাশ করতে পারি। আমার জীবনে এরকম তিনজন বন্ধু আছে। যাদের কাছে আমি সব বলতে পারি। জীবনে বন্ধু চিনতে প্রচুর ভুল করেছি। বন্ধুকে বিশ্বাস করে ঠকেছি। ইন্ডাস্ট্রিতে আমার দু’জন খুব ভালো বন্ধু রয়েছে। একজন সহকারী পরিচালক এবং আর একজন অভিনেত্রী। আমি নিজে বন্ধু হিসেবে ভীষণই বিশ্বস্ত। এটা বন্ধুরা ভালো বলবে। গোপন কথা সযত্নে আমার মনের ভেতর রাখতে পারি। আমি মনে করি, ফ্রেন্ডশিপ ডে একদিন নয়। আমার কাছে প্রতিদিনই ফ্রেন্ডশিপ ডে।
বিয়ের পর বন্ধুত্ব বদলেছে
তৃণা সাহা
আমার কাছে বন্ধুত্ব ভীষণ গুরুত্বপূর্ণ। আমার বন্ধু ভাগ্যও খুব ভালো। জীবনে কয়েকজন খাঁটি বন্ধুকে পেয়েছি। সেই বন্ধুরা আনন্দের সময় যেমন আমার পাশে থাকে, আবার বিপদে আমার ঢাল হয়ে দাঁড়ায়। এমন অনেক ঘটনা যা আমি আমার পরিবারের সঙ্গে শেয়ার করতে পারি না, সেটা অবলীলায় বন্ধুদের বলে হালকা হতে পারি। আমি যার সঙ্গে স্কুলে ভর্তি হয়েছিলাম সে এখনও আমার প্রিয় বন্ধু। প্রায় ২৮ বছর ধরে আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে। পাশাপাশি বন্ধুর ছদ্মবেশে কিছু মানুষ এসেছে জীবনে। আমি মনে করি সেই সম্পর্কগুলো ভাঙাটা জরুরি ছিল। সেটাও জীবন থেকে পাওয়া শিক্ষা। নীল আমার খুব ভালো বন্ধু। কিন্তু, বিয়ের পর আমাদের বন্ধুত্ব আগের মতো নেই। বন্ধুত্ব বদলেছে। স্বামী-স্ত্রী হিসেবে দায়িত্ব বেড়েছে। বন্ধুত্বতে আড়াল যোগ হয়েছে।
জীবনে অনেক বন্ধু হারিয়েছি
সুস্মিতা চট্টোপাধ্যায়
খাঁটি বন্ধু জীবনে পাওয়া যায়। কিন্তু, সেই সংখ্যাটা খুবই কম। হয়তো একশো জনে একজন। খাঁটি বন্ধু পাওয়া খুব কষ্টসাধ্য। খুঁজলে তো ঈশ্বরেরও দেখা পাওয়া যায়। ঠিক সেরকমই খাঁটি বন্ধুও হয়তো পাওয়া যায়। বন্ধুত্ব আমাকে ভালো কাজের উৎসাহ দেয়। ভালো কাজ, ভালো সিনেমা দেখা, ভালো বই পড়ার অনুপ্রেরণাও আমি আমার বন্ধুদের কাছ থেকে পাই। ইন্ডাস্ট্রিতে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার মেকআপ আর্টিস্ট। জীবনে অনেক বন্ধু হারিয়েছি। বয়ফ্রেন্ড হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি। সেগুলো মনে রাখি না। কারণ জীবনে চলার পথে এগুলো খুব স্বাভাবিক। বরং যারা থেকে গেল, তাদের নিয়ে ভালো থাকি।
অনুলিখন: পূর্বাশা দাস